টিকিট দেয়নি শাসক দল! দাদু তৃণমূলে, বাবা বিজেপি, নাতি যোগ দিলেন কংগ্রেসে
রাজনীতির আজব খেলা। পরিবারের একেকজন একেক দলে। বিজেপির টিকিট না পাওয়ায় প্রাক্তন বিজেপি সাংসদ জয়ন্ত সিনহার ছেলে এবং প্রবীণ নেতা যশবন্ত সিনহার নাতি আশির সিনহা কংগ্রেসে যোগ দিয়েছেন। মঙ্গলবার কংগ্রেসের ঝাড়খণ্ড ইউনিটের তরফে একথা জানানো হয়েছে।
প্রসঙ্গত বলে রাখা ভাল যশবন্ত সিনহা বাজপেয়ী মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী ছিলেন। ২০১৮ সালে তিনি বিজেপি ছাড়েন। তারপরেই তিনি অভিযোগ করেন, দেশের গণতন্ত্র খারাপ জায়গায় দাঁড়িয়ে। ২০২১-এর ১৩ মার্চ তিনি তৃণমূলে যোগ দেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দলের সহসভাপতির পদ দেন। ২০২২-এ রাষ্ট্রপতি নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী প্রার্থী ছিলেন।

এহেন যশবন্ত সিনহার ছেলে মোদী মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী জয়ন্ত সিনহাকে বিজেপি এবার হাজারিবাগ থেকে দলের টিকিট দেয়নি। বিজেপি বিধায়ক মণীশ জয়সওয়ালকে হাজারিবাদ থেকে টিকিট দেয় বিজেপি। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, কংগ্রেসের জয়প্রকাশ ভাই প্যাটেলের বিরুদ্ধে। আর ১৯৯৮ সালের পর থেকে এবারই প্রথম হাজারিবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনহা পরিবারের বাইরে অন্য কেউ।
কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, যশবন্ত সিনহার ঐতিহ্যবাহী ভোটব্যাঙ্ক কংগ্রেসের দিকে নিয়ে যেতেই আশির সিনহা কংগ্রেসে যোগ দিয়েছেন। রাজ্য কংগ্রেসের মুখপাত্র রাকেশ সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জয়ন্ত সিনহার ছেলে আশির সিনহা ঝাড়খণ্ড কংগ্রেসের অংশ হয়েছেন। তাঁকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হবে।
যদিও বিজেপি মুখপাত্র বিনয় কুমার এই যোগদান পর্বকে হেলায় উড়িয়েছেন। তিনি বলেছেন, হাজারিবাগ থেকে যে কেউ কংগ্রেস যোগদান করলেও তাতে গেরুয়া শিবিরের কোনও সমস্যা নেই। বিজেপি এই আসনে জয়লাভ করবে বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications