দেশজুড়ে চলছে ভগবান শ্রীরামের আরাধনা, অযোধ্যায় নিষ্ঠাভরে সম্পন্ন রামলালার ‘সূর্য তিলক’
রাম নবমী উপলক্ষে আধ্যাত্মিক আবেশে মোড়া পড়ল প্রায় গোটা দেশই। যার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ল অযোধ্যা। রবিবার সকাল থেকেই হাজার হাজার ভক্ত ভিড় জমান অযোধ্যার রাম মন্দিরে। সরযূ নদীতে স্নান সেরে ভগবান শ্রী রামের দর্শন ও প্রার্থনার উদ্দেশ্যে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
রাম নবমী উপলক্ষে অযোধ্যার ঐতিহাসিক রাম জন্মভূমি মন্দিরকে সাজানো হয় ঝলমলে আলোকসজ্জা ও রঙিন ফুল দিয়ে। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা ভগবান রামের জন্মদিবস উদযাপনে অংশ নেন। অল্পবয়সী মেয়েদের 'কন্যা পূজা'র মাধ্যমে দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক হিসেবে সম্মান জানানো হয়, উপহারও দেওয়া হয়।

তারপর নিয়ম নীতি মেনে হয় সূর্য তিলক। যা দেখার জন্যে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান আগত ভক্তরা। ভক্তদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার মধুবন সিং জানান, "রাম নবমী উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়। সে কারণে নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সুশৃঙ্খল পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে"।
রাম নবমী উপলক্ষে ভক্তদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও ধর্মীয় উচ্ছ্বাস। বারাণসী থেকে আগত এক ভক্ত বলেন, "আমি শ্রী রাম জন্মভূমি মন্দিরে প্রার্থনা করতে এসেছি, এটি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত"। অন্য এক ভক্ত বলেন, "এখানে এসে খুব ভালো লাগছে, নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাও প্রশংসনীয়"।
শুধু অযোধ্যা নয়, দিল্লির ঝাণ্ডেওয়ালান মন্দির এবং ছতরপুরের শ্রী আদ্য কাত্যায়নী শক্তিপীঠ মন্দিরেও রাম নবমী উপলক্ষে এদিন বিশেষ আয়োজন করা হয়। ঝাণ্ডেওয়ালান মন্দির আলো ও ফুল দিয়ে সজ্জিত করা হয়।
সেখানে প্রার্থনা করতে এসে এক ভক্ত বলেন, "আমি প্রথমবার এখানে এসেছি এবং খুব শান্তি অনুভব করছি। মন্দিরের পরিবেশ ও আয়োজন অসাধারণ"। আরেকজন ভক্ত বলেন, "মন্দিরের প্রতিটি অংশে মা দুর্গার আশীর্বাদ ছড়িয়ে আছে। এখানে এসে মনে হচ্ছে মনের সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে"।
রাম নবমী শুধু ভক্তির নয়, একত্রিত হবার, ঐতিহ্য ও বিশ্বাসের দিন। অযোধ্যা ও দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব যেন হিন্দু ধর্মের আত্মিক শক্তিকে আরও একবার প্রকাশ করল। লাখো মানুষের উপস্থিতি ও শান্তিপূর্ণ উদযাপন প্রমাণ করে, ভগবান রামের আদর্শ আজও জীবন্ত এবং প্রাসঙ্গিক।












Click it and Unblock the Notifications