Tribute to Manmohan Singh: বিদেশনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা মনমোহন সিংয়ের, তাঁর প্রয়াণে শোকবার্তা বিশ্বনেতাদের
Tribute to Manmohan Singh: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh Death)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার দিল্লি এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় তাঁকে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকবার্তা বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার (World Leaders)।
দেশের পাশাপাশি গোটা বিশ্ব থেকে মনমোহনকে শেষ শ্রদ্ধার্ঘ জানিয়ে শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রনেতারা। মলদ্বীপ, আফগানিস্তান-সহ নানা দেশের রাষ্ট্রপ্রধানরা এক্স হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতে মনমোহন সিংয়ের অবদানের কথা উল্লেখ করে শোক বার্তা জানিয়েছেন রাষ্ট্রনেতারা।

আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এক্স পোস্টে লেখেন, ভারত তাঁর অমূল্য এক সন্তানকে হারাল। মনমোহনকে আফগানিস্তাবাসীর বন্ধু হিসেবেও উল্লেখ করেন তিনি। মনমোহনের চলে যাওয়া নিয়ে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন কারজাই। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মার শান্তি কামনাও করেন তিনি।
মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদও এক্স পোস্টে শোক জ্ঞাপন করেন। মনমোহন সিং একাধারে অভিভাবকসম ও অন্যতম ভালো বন্ধু ছিলেন বলে জানান তিনি। পুরোনো ছবি শেয়ার করে পোস্টে নাশিদ লেখেন, "মনমোহন সিং মারা গিয়েছেন শুনে খুবই ব্যথিত হয়েছি। ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। পরোপকারী অভিভাবক-সম ছিলেন তিনি। মলদ্বীপের ভালো বন্ধু ছিলেন।"
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক বার্তা জানিয়েছে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। ভারত ও রাশিয়া দুই দেশের কাছেই গভীর শোকের ঘটনা বলে জানান তিনি। এক্স পোস্টে লেখেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতে মনমোহন সিংয়ের অবদান অপরিসীম। অর্থনীতিবিদ হিসেবে তাঁর ভূমিকাও প্রশ্নাতীত ছিল বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার রাতে প্রয়াত হন মনমোহন সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে। ভারত তার অন্যতম বিশিষ্ট নেতাকে হারাল বলে উল্লেখ করেন মোদী। মনমোহন সিংয়ের পরিবার, তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে সমবেদনা জানান নরেন্দ্র মোদী। মনমোহনের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।












Click it and Unblock the Notifications