রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন
রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ ছাড়ার কথা ছিল ঠিকই, কিন্তু নির্ধারিত দিনে তা আর হয়ে উঠল না বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের। জরুরি রাজনৈতিক ব্যস্ততায় রবিবার বিহার ছেড়ে অন্যত্র রওনা হওয়ায় স্পিকার প্রেম কুমার অপেক্ষায় থাকলেও ইস্তফা জমা দেওয়া সম্ভব হয়নি।
কয়েক দিন আগেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন নিতিন। নিয়ম মেনে রবিবারই তাঁর বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ছিল। সেই খবর পেয়ে দিল্লির একটি অনুষ্ঠান মাঝপথে ছেড়ে শনিবার সন্ধ্যায় তড়িঘড়ি পাটনায় ফিরে আসেন বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমার। তিনি জানান, দলের তরফে ফোনে খবর পেয়ে দ্রুত ফেরার সিদ্ধান্ত নেন, যাতে নির্ধারিত সময়েই ইস্তফা প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

কিন্তু পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। জরুরি দলীয় কাজে হঠাৎই বিহার ছাড়তে হয় নিতিনকে। বিজেপি সূত্রের খবর, ভোটমুখী অসমে গিয়েছেন তিনি এবং সেখান থেকে দিল্লি যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে নির্ধারিত দিনে ইস্তফা আর জমা পড়েনি।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ১৪ দিনের মধ্যে বিধায়ক পদ ছাড়ার নিয়ম রয়েছে। সেই হিসেবে সময়সীমা প্রায় শেষের পথে। স্পিকার স্পষ্ট জানিয়েছেন, ইস্তফা জমা দিতে হলে সংশ্লিষ্ট বিধায়ককে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয়, এ ক্ষেত্রে অনলাইনে বা ভার্চুয়ালি পদত্যাগের কোনও সুযোগ নেই।
উল্লেখযোগ্যভাবে, নিতিন নবীনের সঙ্গে রাজ্যসভার সদস্য হয়েছেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। তবে তিনি এখনও বিধান পরিষদের সদস্যপদ ছাড়েননি, ফলে সেই দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications