Telangana: রেললাইনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন মহিলা, হইচই তেলঙ্গানায়
রেললাইনের ওপর গাড়ি চালিয়ে হইচই ফেলে দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের রাজ্য তেলঙ্গানায়। রেল ট্র্যাকের ওপর চারচাকা গাড়ি যে এভাবে চালানো যায়, তা দেখেও অনেকে বিশ্বাস করতে পারছেন না। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখেও নেটিজেনদের বিস্ময়ের শেষ নেই।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ৩৪ বছর বয়সী রাভিকা সোনি তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় রেললাইনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। সম্প্রতি তাঁকে তাঁর সংস্থা ছাঁটাই করে। তারপরই এই ঘটনা। এদিনের ঘটনায় রেলকর্মী এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই অদ্ভুত ঘটনার ফলে প্রায় ১৫টি ট্রেনকে ঘুরপথে চালিত করতে হয়েছে। কিছু ট্রেনের পরিষেবা স্থগিতও রাখতে হয়েছে।

শঙ্করাপল্লির কাছে এই ঘটনা ঘটার পর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একটি কিয়া সনেট গাড়ি রেললাইনের উপর দিয়ে চলছে। অন্য একটি ভিডিওতে স্থানীয় বাসিন্দা, রেলকর্মী ও পুলিশকে ওই মহিলাকে গাড়ি থেকে টেনে বের করার চেষ্টা করছে। সেখানেও প্রায় হাতাহাতি কাণ্ড।
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, রেলকর্মীরা মহিলাকে বের করে আনার চেষ্টা করছেন এবং মহিলা হিন্দিতে চিৎকার করছেন। স্থানীয় তেলুগু জনতা অনেকেই তার ভাষা না বুঝলেও গোটা বিষয় বুঝতে ভুল করেননি।
সূত্রের খবর, বেশ কয়েকজন রেলকর্মী ও পুলিশ ওই গাড়ির পিছনে দৌড়েছিলেন। অনেক চেষ্টার পর তাঁরা মহিলার গাড়ি থামাতে সমর্থ হন। মহিলাকে গাড়ি থেকে বের করতে অনেক লোকের প্রয়োজন হয়েছে। কারণ ওই মহিলা কোনওরকম সহযোগিতা করছিলেন না।
রেল পুলিশের এসপি চন্দনা দীপ্তি জানান, মহিলা হিংস্র ছিলেন। দেখে মনে হচ্ছিল মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বলেন, "বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, মহিলা সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করতেন। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আমরা গাড়ি থেকে তাঁর ড্রাইভিং লাইসেন্স ও প্যান কার্ড উদ্ধার করেছি।"
এসপি জানান, মহিলা আত্মহত্যা করার পরিকল্পনা করছিলেন কিনা এবং ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসাবে দেখানোর চেষ্টা করছিলেন কিনা, তা জানার জন্য তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications