সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে ইতিহাস ও রাজনীতির মেলবন্ধন, জানুন
সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে ইতিহাস ও রাজনীতির মেলবন্ধন। সোমবার থেকেই লোকসভায় শুরু হচ্ছে 'বন্দে মাতরম্' নিয়ে বিশেষ ও দীর্ঘ আলোচনা, যার সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গানের ১৫০ বছর পূর্তি ঘিরে এই বিতর্ককে ঘিরে সংসদের দুই কক্ষেই টানা আলোচনা চলবে।
ব্যাঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে লেখা ও যদুনাথ ভট্টাচার্যের সুরে বাঁধা বন্দে মাতরম্ এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরে নানা কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে সংসদে বরাদ্দ করা হয়েছে আট ঘণ্টার আলোচনা।

সোমবার লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে সূচনা হবে এই বিতর্কের। মঙ্গলবার রাজ্যসভায় আলোচনার সূচনাকারী বক্তা হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংসদীয় সূত্রের দাবি, এই আলোচনায় 'বন্দে মাতরম্' ঘিরে অনেক অজানা ইতিহাস ও কম পরিচিত দিক উঠে আসবে দেশের মানুষের সামনে। বিশেষ গুরুত্ব দিতে প্রস্তুত বিরোধী দলগুলিও।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় বক্তব্য রাখবেন মহুয়া মৈত্র ও কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যসভায় তৃণমূলের হয়ে কথা বলবেন সুখেন্দু শেখর রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, আলোচনায় আবেগ ও ঐতিহাসিক প্রেক্ষাপট জোরালো করতে সাংসদরা বাংলায় বক্তব্য রাখার পরিকল্পনাও করেছেন।
কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় দলের উপ নেতা গৌরব গগৈ ও রাজ্যসভায় প্রধান বিরোধী বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে অভিযোগ করেছিলেন ১৯৩৭ সালে জাতীয় সংগীতের গুরুত্বপূর্ণ কিছু স্তবক বাদ দিয়ে তারা 'দেশভাগের বীজ বপন' করেছিল। গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী নিজেই 'বন্দে মাতরম্' এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদ্যাপনের সূচনা করেন, যার মূল লক্ষ্য ছিল তরুণ ও ছাত্রসমাজের মধ্যে গানটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা।
এদিকে, 'বন্দে মাতরম্' বিতর্কের পরই সংসদে উঠছে আরেক স্পর্শকাতর ইস্যু এসআইআর। মঙ্গলবার লোকসভায় এই বিষয়ে আলোচনা হবে, যেখানে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন তথা এসআইআর সহ সব দিক খতিয়ে দেখা হবে। ওই আলোচনায় কংগ্রেসের তরফে বক্তব্য রাখবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বুধবার একই বিষয়ে আলোচনা হবে রাজ্যসভায়। উল্লেখযোগ্যভাবে, গত সপ্তাহে সরকার ও বিরোধীদের মধ্যে সমঝোতার পরই স্থির হয় আগামী সপ্তাহে প্রথমে 'বন্দে মাতরম্' এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা, তার পর নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক।
শীতকালীন অধিবেশনের প্রথম কয়েক দিনে লাগাতার অচলাবস্থা কাটিয়ে এই সিদ্ধান্তকে সংসদীয় কাজকর্মে নতুন গতি ফেরার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক শিবির।












Click it and Unblock the Notifications