Saif Ali Khan Case: সইফের হামলাকারীর বাংলাদেশি বাচনভঙ্গি বুঝতে হোঁচট খাচ্ছে মুম্বই পুলিশ! তদন্তে 'ব্যাঘাত'
Saif Ali Khan Case: সইফ আলি খানের উপর হামলাকারী শরিফুল ইসলামকে (Shariful Islam) জিজ্ঞাসাবাদে সমস্যার সম্মুখীন খোদ পুলিশ। সূত্রের খবর, শরিফুলের বাংলাদেশি বাচনভঙ্গি (Bangladeshi Accent) বুঝতে অসুবিধা হচ্ছে পুলিশের। প্রশ্নের সঠিক উত্তরও দিতে পারছে না সে। যার জেরে শরিফুলের বয়ানের পাঠোদ্ধার করতে পদে পদে হোঁচট খাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)।
গত ১৬ জানুয়ারি কাকভোরে মুম্বইয়ের বান্দ্রার সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টে সইফ আলি খানের বাড়িতে (Saif Ali Khan House) ঢুকে তারকাকে এলোপাথাড়ি ছুরির কোপ মারে ধৃত শরিফুল। হামলার ২ দিন পর তাঁকে থানে থেকে গ্রেফতার করে পুলিশ। শরিফুলের পুরো নাম শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রোহিল্লা আমিন ফকির। বিজয় দাস (Vijay Das) নাম ভাঁড়িয়ে সে ঘুরে বেড়াত।

পরে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। ধৃত আদতে বাংলাদেশের নাগরিক বলে জানতে পারে পুলিশ। মেঘালয়ের দাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে। এরপর শিলিগুড়ি দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে থাকত। এরাজ্যের এক মহিলার নামে নথি হাতিয়ে সিম নিয়েছিল সে। আধার তৈরির চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
পরে মুম্বইতে যায় কাজের সন্ধানে। থানের পানশালায় হাউজ কিপিংয়ের কাজে যোগ দেয়। ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বান্দ্রার ম্যাজিস্ট্রের কোর্ট। মঙ্গলবার ঘটনাস্থলে সঙ্গে করে অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে মুম্বই পুলিশ। অভিযুক্তের মোবাইল ফোন থেকে বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছে একাধিক ফোন গিয়েছে বলে জানতে পারে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সইফের উপর হামলার পরে কলকাতা হয়ে বাংলাদেশে পালাতে চেষ্টা করেছিল শরিফুল। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে জানতে পেরে বাংলাদেশে যাওয়ার টিকিটের বন্দোবস্ত করার চেষ্টা করেছিল সে।
যদিও শেষ পর্যন্ত টাকার জোগাড় না করতে পারায় তা হয়নি। শরিফুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশি বাচনভঙ্গিতে তাঁর কথা বুঝতে বেগ পেতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এমনকি, ধৃতকে ধীরে ধীরে কথা বলতে বলা হয়েছে বলে খবর সূত্রের।












Click it and Unblock the Notifications