Lok Sabha Election: ভোটের আগে কেন ইস্তফা নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের? নির্বাচনের আগে দায়িত্বে রইলেন মাত্র ১
দুয়ারে লোকসভা ভোট। আগামী কয়েকদিনের মধ্যেই সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। কিন্তু তার আগে হঠাৎ করেই নির্বাচন কমিশনে জটিলতা। নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। তাঁর ইস্তফা নিয়ে শুরু হয়েছে চর্চা। কী কারণে অবসরের অনেক আগেই গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন তিনি তা নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।
আগামী বছরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের অবসর গ্রহণের কথা আছে। তারপর অরুণ গোয়েলেই মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার সম্ভাবনা ছিল। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে একাধিক বিষয়ে তাঁর মতপার্থক্য ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়েই নাকি তিনি ইস্তফা দিয়েছেন। সাম্প্রতিক কালে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়েই পদ ছাড়েন গোয়েল।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্রও পাঠিয়েছেন এবং তা গৃহীতও হয়েছে। যদিও অরুণ গোয়েলের ইস্তফা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পেশ করা হয়নি। পরে হয়ত এ নিয়ে বিবৃতি দেবেন রাজীব কুমার। জাতীয় নির্বাচন কমিশনে তিনজন সদস্য থাকেন, একজন মুখ্য নির্বাচন কমিশনার ও দুইজন নির্বাচন কমিশনার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর গ্রহণ করেন অনুপ পান্ডে। এরপর শনিবার বিকেলে আচমকাই আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগের কথা ঘোষণা করেন। ফলে ভোটের আগে নির্বাচন কমিশনারের পদে এখন মাত্র ১ জন রয়েছেন।
২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার গ্রহণ করেন গোয়েল। ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন তিনি। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।
এখনও পর্যন্ত যে খবর মিলছে, সেই অনুযায়ী, সরকার অন্য কাউকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করতে চলেছে। তবে আপাতত শূন্যপদে দ্রুত নিয়োগ সেরে ফেলাই লক্ষ্য কেন্দ্রের। কিন্তু নির্বাচন কমিশনার পদে নিয়োগের বিষয়টি এত সহজ নয়। এর জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে।
প্রধানমন্ত্রীর কমিটি নাম সুপারিশ করার আগে একটি সার্চ কমিটি তৈরি হবে। এই কমিটিতে থাকবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও দুই সচিব। এই কমিটি পাঁচজনকে প্রাথমিকভাবে বেছে নেবেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়োগ কমিটি একজনের নাম বেছে নেবে। সেই নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।।
বিরোধীরা অবশ্য ইস্যুটিকে হাতিয়ার করেছেন। কংগ্রেসের নেতা জয়রাম রমেশ নির্বাচন কমিশনার পদত্যাগ নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন। তাঁর প্রশ্ন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই কি বিজেপির প্রতীকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন অরুণ?












Click it and Unblock the Notifications