১০০ চাইলে ৫০০ দিচ্ছে জয়পুরের এটিএম! হুলুস্থূল এলাকায়
জয়পুর, ১৬ ডিসেম্বর : অজিতগরের শিকার এলাকায় একটি এটিএমে ঢোকার জন্য জানপ্রাণ লাগিয়ে দিয়েছিলেন স্থানীয়েরা। তবে ব্যাটা হতচ্ছাড়া পুলিশগুলো জানতে পেরেই গেটে লোক বসিয়ে দিয়েছে। কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। আর তাতে বেজায় মন খারাপ স্থানীয় বাসিন্দাদের।
কেন হবে না বলুন? এটিএমে একশো টাকা চেয়ে বোতাম টিপলেই হাতে চলে আসছিল কড়কড়ে পাঁচশো টাকা। কোনও ভাগ্যবান হাজার টাকা বের করার কথা ভাবলে ব্যস! তার হাতে চলে আসছিল নগদ পাঁচ হাজার টাকা। অর্থাৎ যে টাকা চাওয়া হচ্ছে তার পাঁচগুণ পাওয়া যাচ্ছিল। ['যত চাইবে তার দ্বিগুন পাবে', গুজবের জেরে এটিএম-এ ভিড়]

এমন কল্পতরু এটিএমের প্রতি মানুষ আকৃষ্ট হবেন সে আর এমন কি কথা। সবচেয়ে বড় ব্যাপার হল, এটিএম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সেই টাকাই বাদ যাচ্ছিল যা তারা চেয়েছেন, যা তারা পেয়েছেন সেই পাঁচ গুণ টাকা নয়।
এভাবেই ডজনখানেক মানুষ ইতিমধ্যেই এটিএম থেকে টাকা তুলে ফেলেন। তারপরে জানতে পারে পুলিশ। এটিএমটি তালাবন্ধ করে সঙ্গে সঙ্গে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে পুলিশকর্মীকে।
সর্বনাশের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের টেকনিক্যাল টিম ছুটে এসেছে। আপাতত বন্ধ রয়েছে এটিএম। তবে যারা বেশি টাকা পেয়েছেন, তারা অবশ্য ছাড়া পাবেন না। সেই সময়ে টাকা তোলা প্রতিটি গ্রাহকের কাছ থেকে বাড়তি টাকা ফেরত নেওয়া হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এটিএম নিয়ে আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications