সংসদের বিশেষ অধিবেশনে আলোচনার বিষয়বস্তু কী? নয় দফা দাবি-সহ মোদীকে চিঠি সনিয়ার
সংসদের বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা জানতে চাইলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখনও অধিবেশনের আলোচ্যসূচিও জানানো হয়নি।
সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে ১৮-২২ সেপ্টেম্বর। নতুন সংসদ ভবনে এই অধিবেশনে বসবে। এই বিশেষ অধিবেশনের আলোচ্যসূচিতে কী কী থাকবে তা এখনও জানানো না হলেওও ইন্ডিয়ার বদলে ভারত নামটি গ্রহণ করার ব্যাপারে জল্পনা তীব্র হয়ে উঠেছে। কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলগুলির তরফে বিষয়টি নিয়ে কটাক্ষ করা হলেও, নামবদল নিয়ে কোনও আপত্তি করা হয়নি।

চিঠিতে সনিয়া গান্ধী লিখেছেন, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। এই অধিবেশন অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ ছাড়াই আহ্বান করা হয়েছে। এই অধিবেশনের অ্যাজেন্ডা নিয়ে কারও কোনও ধারণা নেই বলেও জানিয়েছেন সনিয়া।
সনিয়া গান্ধী লিখেছেন, এই বিশেষ অধিবেশনে তারা অংশগ্রহণ করতে চান। কেননা এটি জনসাধারণের উদ্বেগ ও গুরুত্বের বিষয়গুলি উত্থাপনের সুযোগ দেবে। নয়ি বিষয়কে তালিভুক্ত করে সনিয়া লিখেছেন, আন্তরিকভাবে আশা করেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা ও বিতর্কের জন্য উপযুক্ত নিয়মের অধীনে সময় বরাদ্দ করা হবে।
যে নয় দফা দাবিতে আলোচনার কথা সনিয়া গান্ধী চিঠিতে করেছেন, সেগুলি হল
১) অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, বৈষম্য বৃদ্ধি এবং এমএসএমই-এর দুর্দদশার ওপরে দৃষ্টি দিয়ে বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা।
২) কৃষক ও কৃষক সংগঠনগুলির ন্যূনতম সহায়কমূল্য এবং তাদের উত্থাপিত অন্য দাবির বিষয়ে আলোচনা।
৩) আদানি গোষ্ঠীর ব্যবসায়িক লেনদেনের তদন্তে জেপিসি গঠনের দাবি।
৪) মণিপুরের জনগণের ক্রমাগত যন্ত্রণা ও রাজ্যের সাংবিধানিক পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভাঙন নিয়ে আলোচনা।
৫) হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি নিয়ে আলোচনা।
৬) চিন ভারতীয় ভূখণ্ডের দখল নিয়েছে বলে অভিযোগ করে সনিয়া গান্ধী সাম্প্রতিক সময়ে চিনের আকসাই চিন অরুণাচল প্রদেশকে তাদের মানচিত্রে দেখানো নিয়ে আলোচনা।
৭) জাতিশুমারির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা।
৮) কেন্দ্র ও রাজ্য সম্পর্ক নিয়ে আলোচনা।
৯) বিভিন্ন রাজ্যে খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা।
সব শেষে সনিয়া গান্ধী বলেছেন, তিনি আন্তরিকভাবে আশা করেন, গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে এই বিষয়গুলি নিয়ে আগামী বিশেষ অধিবেশনে আলোচনা করা হবে।












Click it and Unblock the Notifications