Sixth Finance Commission: বড় পদক্ষেপ মমতার, গঠন হল ষষ্ঠ অর্থ কমিশন! কীভাবে কাজ করবে জানুন
West Bengal sixth finance commission: বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee) ! ষষ্ঠ অর্থ কমিশন গড়ল অর্থ দফতর। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চেয়ারম্যান করা হয়েছে এই কমিশনের। বিভিন্ন ধরনের কাজ করবে এই কমিশন। বিশেষ করে পঞ্চায়েতগুলির আর্থিক এবং পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে সম্ভব সে বিষয়ে সরকারকে সাহায্য করবে ষষ্ঠ কমিশন।
এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ কীভাবে ব্যায় হবে সে বিষয়েও সরকারকে পরিকল্পনা এবং সাহায্য করাই কমিশনের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে বলেও মনে করা হচ্ছে। নবান্নের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

সেই অনুযায়ী, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও ষষ্ঠ অর্থ কমিশনে আরও চারজন সদস্য আছেন। রয়েছেন আইএএস অফিসার অজয় ভট্টাচার্য, আইএএস অফিসার বর্ণালী বিশ্বাস। এছাড়াও প্রাক্তন ডাব্লিউবিসিএস অফিসার আশিসকুমার চক্রবর্তী এবং ব্যাঙ্ক আধিকারিক রুমা মুখোপাধ্যায়ও এই কমিটির সদস্য পদে আছেন বলে জানা গিয়েছে। মোট পাঁচ জনের কমিটি সরকারকে সাহায্য করবে।
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নয়া এই কমিশনের মেয়াদ হবে আগামী দুবছরের জন্য। তবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে কাজ শুরু করবে ষষ্ঠ অর্থ কমিশন পাঁচ বছরের রূপরেখা তার ছয় মাসের মধ্যেই তৈরি হয়ে ঝাবে। পঞ্চায়েত এবং পুরসভার আর্থিক পরিস্থিতি দেখে সেই অনুযায়ী কমিশন পরামর্শ দেবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
শুধু তাই নয়, ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেয়াদের দুবছরেই পঞ্চায়েতের আর্থিক অবস্থার উন্নয়নের বিষয়টিই মূলত খতিয়ে দেখবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেওয়া পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটিও কমিশনের সদস্যরা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি পঞ্চায়েতের আয় ও কর সংক্রান্ত বিষয়টি দেখাও অন্যতম বড় কাজ হবে বলেও নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সব মিলিয়ে বর্তমান সময়ে ষষ্ঠ অর্থ কমিশন গঠন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, রাজ্য সরকার ২০২২ সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে। অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে চেয়ারম্যান করে ওই কমিশন গঠন করা হয়। দীর্ঘ সময় এই কমিশন কাজ করেছে। অন্যদিকে হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যসচিব পদ থেকে অবসর নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা পদে দীর্ঘদিন ধরে কাজ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।












Click it and Unblock the Notifications