হরিয়ানায় কি ভোট কারচুপি? ব্রাজিলিয়ান মডেলের ছবি দিয়ে ২২ বার ভোট, রাহুলের অভিযোগ কতটা সঠিক? জানুন
হরিয়ানাতে বিধানসভা নির্বাচনে বড়সড় ভোট জালিয়াতির অভিযোগ তুলে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, রাজ্যে প্রায় ২৫ লক্ষ ভুয়ো ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। তাঁর ভাষায়, "হরিয়ানায় প্রতি ৮ জন ভোটারের মধ্যে ১ জন ভুয়ো।"
প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী বলেন, তাঁর দলের হাতে রয়েছে শতভাগ প্রমাণ। ভোটার তালিকায় ৫ লক্ষ ২১ হাজার পুনরাবৃত্ত নাম নাকি ধরা পড়েছে কংগ্রেসের তদন্তে। অভিযোগ তুলতে গিয়ে তিনি একটি চাঞ্চল্যকর উদাহরণও পেশ করেন, একজন ব্রাজিলিয়ান মডেলের ছবি একাধিক নামে ভোটার তালিকায় ব্যবহার করা হয়েছে, যেমন সীমা, সুইটি, সরস্বতী। দাবি, একই ছবি ব্যবহার করে ২২ বার ভোট দেওয়া হয়েছে।

রাহুলের অভিযোগ, "সব এক্সিট পোলেই কংগ্রেসের জয় ইঙ্গিত করা হয়েছিল। কিন্তু ফল বেরোনোর পরে সব হিসেব ওলটপালট। পোস্টাল ভোটের সংখ্যাও মিলছে না। এটা কখনও হরিয়ানায় হয়নি। পরিকল্পিতভাবে কংগ্রেসের নিশ্চিত জয়কে পরিণত করা হয়েছে পরাজয়ে।"
তিনি আরও দাবি করেন বহু বিজেপি নেতা ও কর্মীর নাম একসঙ্গে উত্তরপ্রদেশ ও হরিয়ানার ভোটার তালিকায় রয়েছে।
এক বিজেপি নেতার বাড়ির ঠিকানায় ৬৬ জন ভোটার নিবন্ধিত। আবার কোথাও এক ব্যক্তির বাড়ির ঠিকানায় ৫০০ ভোটারের নাম।
এছাড়াও ভোটার তালিকায় 'হাউস নং জিরো' অর্থাৎ গৃহহীনদের নামে যাদের নাম দেখানো হয়েছে, তাদের অনেকেই বাস্তবে নিজেদের ঘরেই থাকছেন, এমন অভিযোগও জানান রাহুল।
রাহুল গান্ধীর কথায়, "এটা শুধু নির্বাচন কমিশন নয়, গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। কমিশন যদি ভুয়ো নাম মুছে দেয়, তাহলে নির্বাচন স্বচ্ছ হবে। কিন্তু তারা তা করতে চাইছে না। কারণ এটা বিজেপির খেলা, আর কমিশনকে নিজেদের সেই খেলায় সঙ্গী করেছে।"
তিনি সতর্ক করেন, হরিয়ানার পর বিহারের নির্বাচনেও নাকি একই সরকার চুরির ছক প্রয়োগ হতে পারে।
এদিকে, নির্বাচন কমিশন রাহুলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কমিশনের দাবি ভোটার তালিকা সংক্রান্ত একটিও আপিল দাখিল হয়নি। ৯০টি আসনের মধ্যে মাত্র ২২টি নির্বাচনী রিট হাই কোর্টে মুলতুবি রয়েছে, ফলে রাজ্যজুড়ে কারচুপির দাবি অসত্য।
কমিশনের বক্তব্য, কোথায় ভুয়ো ভোটাররা কোন দলকে ভোট দিয়েছে, তা রাহুল কীভাবে নিশ্চিত হলেন সেটাই প্রশ্ন।












Click it and Unblock the Notifications