Vishwa Hindu Parishad: হিন্দু পরিবারগুলিতে জন্মহার কমে যাচ্ছে! সেজন্য তিন সন্তানের নিদান বিশ্ব হিন্দু পরিষদের
Vishwa Hindu Parishad (VHP): জন্মহার হিন্দুদের মধ্যে অস্বাভাবিক ভাবে নাকি কমে যাচ্ছে! আর তা নিয়েই এবার উদ্বেগ প্রকাশ বিশ্বহিন্দু পরিষদের। আর তাই প্রত্যেক পরিবারে অন্তত তিনজন সন্তানের জন্ম দেওয়ার প্রয়োজন বলে কার্যত নিদান এই হিন্দুত্ববাদী সংগঠনের। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বহু মহল। কিন্তু নিজের বক্তব্যে অনড় বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরং লাল বাঙরা।
যোগী রাজ্যে বিরাট সন্ত সম্মেলন বসেছে। আর সেই সম্মেলনে যোগ দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদও (Vishwa Hindu Parishad (VHP)। সেখানেই বজরং লাল বাঙরা বলেন, হিন্দু পরিবারগুলিতে জন্মহার কমে যাচ্ছে। এর প্রভাব দেশের জনসংখ্যাতেও পড়ছে। ফলে প্রতিটি হিন্দু পরিবারের অন্তত তিনটি সন্তান জন্ম দেওয়া উচিত বলে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, এই বিষয়ে নাকি হিন্দু সাধু-সন্তরা পরামর্শ দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ইস্যুতেও কথা বলেছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরং লাল বাঙরা। বলেন, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করতে বেশ কয়েকজন পরিকল্পনা করেছে। হিন্দুদের হুমকি-ভয় দেখানো হচ্ছে। বিষয়টি নিয়ে এখনই ভাবনা চিন্তার সময় এসেছে। এই বিষয়ে ওয়াকফ সংক্রান্ত আইনের প্রসঙ্গ তুলে ধরেন বজরং লাল বাঙরা।
তাঁর কথায়, ওয়াকফ বোর্ডের অধিকার সংক্রান্ত কড়া বিল নরেন্দ্র মোদী সরকার আনছে। এই বিল বর্তমান পরিস্থিতিতে কেন এত গুরুত্বপূর্ণ সেই ব্যাখ্যাও করেন ভিএইচপি নেতা। অন্যদিকে বিশাল এই সন্ত সম্মেলনে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। বিভিন্ন জায়গা থেকে আসা সাধু-সন্তদের মহাকুম্ভের কথা তুলে ধরেন। বলেন, এবারের মহাকুম্বে সনাতন ধর্মের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর তা গোটা বিশ্ব সাক্ষী থেকেছে। অন্যদিকে সনাতন ধর্ম রক্ষার ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ কীভাবে কাজ করছে তাও তুলে ধরেন। তা যে সন্ত সম্মেলনেই ধরা পড়েছে সেই মন্তব্য করেন যোগী।
এই প্রসঙ্গে আরও বলেন, উত্তরপ্রদেশ থেকেই বিশ্ব হিন্দু পরিষদ একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সেই সমস্ত সিদ্ধান্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম থেকে নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলেও ওই সম্মেলনে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে বজরং লাল বাঙরার মন্তব্য নিয়ে কোনও কথা বলেননি তিনি (Vishwa Hindu Parishad (VHP)।












Click it and Unblock the Notifications