ভাইরাল ভিডিও: মুম্বইয়ে চাকরির জন্য প্রার্থীদের হাহাকার, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি
চাকরি পাওয়ার জন্য সকাল থেকেই ভিড় করেছিলেন প্রার্থীরা। এক সময় রীতিমতো হইচই শুরু হয়ে যায়। চাকরি প্রার্থীদের ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল। এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের ওয়াক ইন ইন্টারভিউ ছিল। সেখানেই এমন অস্থির পরিস্থিতি তৈরি হয়।
মঙ্গলবার মুম্বইয়ের কালিনা এলাকায় এই ইন্টারভিউর আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ভয়াবহ ঘটনা দেখা যায়। শুরুর দিকে সব কিছু ঠিক ছিল। কিন্তু ক্রমশ ভিড় বাড়তে থাকে। এক সময় ভিড় নিয়ন্ত্রণ করা সমস্যাজনক হয়ে যায়।

ভিতরের কর্মীরা ভিড় নিয়ন্ত্রণে চেষ্টা করেন। কিছু সময়ের জন্য পরিস্থিতি আয়ত্ত্বের বাইরেও চলে যায়। চাকরিপ্রার্থীদের বিক্ষিপ্ত ভিড়ের ভিডিও ভাইরাল হয়েছে। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবল বায়োডাটা জমা নেওয়ার কথা বলা হয়। চাকরি প্রার্থীরা তাদের বায়োডাটা জমা দিয়ে যাক৷ পরে তাদের ডেকে নেওয়া হবে৷ এই কথা জানানো হয়৷ নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
এত সংখ্যক চাকরি প্রার্থী চলে আসবে? তা কি আগে আন্দাজ করেননি কর্তৃপক্ষ? এত বড় মাপের ইন্টারভিউ পরিকল্পনা করার আগে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছিল? সুরক্ষার কতটা বন্দোবস্ত করা হয়েছিল? সেই প্রশ্নও উঠছে। সিভি দিয়ে চাকরি প্রার্থীরা ফিরে যাক। সেই কথায় এক প্রস্থ হইচই শুরু হয়৷
সিভি দেখে যোগ্য প্রার্থীদের ডাকা হবে৷ যোগ্য প্রার্থীদের কাজে নেওয়া হবে৷ এই কথা জানানো হয়েছে। সংস্থার তরফে এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। যদিও এই ঘটনা প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড কোনও বার্তা দেয়নি৷ তাদের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি৷
দিন কয়েক আগে চাকরির জন্য এমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল গুজরাটে৷ সেখানে চাকরি প্রার্থীদের প্রবল ভিড় হয়েছিল। এক সময় এক তলার বারান্দার রেলিং ভেঙে যায়৷ চাকরি প্রার্থীরা উপরের অংশ থেকে মাটিতে পড়ে গিয়েছিল। সেই ঘটনায় রাজনীতির রঙ লেগেছিল৷
খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে এভাবে কাজের জন্য হাহাকার। ভারতে বেকার সমস্যা বিশাল আকার ধারণ করেছে। এই অভিযোগ করেন কংগ্রেস নেতারা। গুজরাটের পর এবার মুম্বই। চাকরির জন্য ফের তরুণ, যুবদের ধাক্কাধাক্কি।












Click it and Unblock the Notifications