Uttar Pradesh: হিন্দু ছাত্রকে চড় মুসলিম ছাত্রের! বিদ্বেষ ছড়ানোর অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
Uttar Pradesh: স্কুলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল এক শিক্ষিকাকে। পড়া না পারায় এক হিন্দু ছাত্রকে চড় মারার নির্দেশ এক মুসলিম ছাত্রকে দেন ওই শিক্ষক। এই ঘটনার জেরেই গ্রেফতার করা হয়েছে শিক্ষিকাকে। যে হিন্দু ছাত্রকে চড় মারা হয়েছে বলে অভিযোগ, তার বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই শিক্ষিকার বিরুদ্ধে।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্বল জেলার দুগাওয়াড় গ্রামের একটি বেসরকারি স্কুলে। আসমোলি থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা। তাঁর অভিযোগ, ক্লাসের মধ্যে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছে তাঁর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার শ্রীস চন্দ্র জানিয়েছেন, দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ তৈরি করার অভিযোগ ও ইচ্ছাকৃত চড় মারার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ও ৩২৩ ধারায় অভিযোগ দায়ের হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে।
জানা গিয়েছে ওই শিক্ষিকা প্রতিদিনের মতো ক্লাস নিচ্ছিলেন। পঞ্চম শ্রেনিতে ক্লাস নেওয়ার সময় তাঁর প্রশ্নের উত্তর দিতে পারেনি হিন্দু ছাত্র। তখনই তিনি মুসলিম ছাত্রকে বলেন ওই হিন্দু ছাত্রকে চড় মারতে। এর ফলে হিন্দু ছাত্রের বাবার অভিযোগ তাঁর ছেলের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছিল উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরে। সেখানে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা এক মুসলিম ছাত্রকে চড় মারতে বলেছিলেন তার সহপাঠীদের। ওই ঘটনাতে তৃপ্তা ত্যাগী নামে এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
ওই ঘটনার পর সুপ্রিম কোর্ট বলে, কোনও ছাত্র যদি শুধুমাত্র কোনও বিশেষ ধর্মের হওয়ায় তাকে আঘাত করা হয়, তাহলে পদক্ষেপ করা হবে। মুজফফরনগরের ওই ঘটনায় শীর্ষ আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications