ইউপিআই বন্ধ, জিএসটি-আয়কর, ১লা এপ্রিল থেকেই বদলাবে একাধিক নিয়ম! পরিবর্তনগুলি জেনে নিন
হাতে আর মাত্র এক রাত, তারপরই শুরু হবে নতুন অর্থবর্ষ ২০২৫-২৬। ১ লা এপ্রিল থেকে শুরু হবে নতুন আর্থিক বছর। এই নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন থেকে শুরু করে আয়কর বদলাবে একগুচ্ছ নিয়ম।
যা আপনার বেতন থেকে শুরু করে, আপনি কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা লভ্যাংশ পান, সবকিছুর উপরই প্রভাব ফেলবে। একঝলকে দেখে নিন, কী কী পরিবর্তন হচ্ছে ১ লা এপ্রিল থেকে-

নতুন আয়করের নিয়ম
আয়করের ধারা ৮৭এ-এর অধীনে, কর ছাড় ২৫ হাজার টাকা থেকে বেড়ে ৬০ হাজার টাকা হবে। এই বর্ধিত ছাড় ১২ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর প্রযোজ্য হবে। যার মধ্যে মূলধন লাভ থেকে আয় অন্তর্ভুক্ত থাকবে না।
জিএসটি নিয়ম
জিএসটি পোর্টালে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। অতিরিক্তভাবে ই-ওয়ে বিল শুধুমাত্র ১৮০ দিনের বেশি পুরনো নথি ব্যবহার করে তৈরি করা যেতে পারে।
জিএসটি হার বৃদ্ধি
যে সমস্ত হোটেলের কোনও ঘরের একদিনের ভাড়া সাড়ে ৭ হাজার টাকার বেশি, সেসব জায়গায় ১৮ শতাংশ জিএসটি লাগু হবে।
প্যান-আধার লিঙ্ক না থাকলে ডিভিডেন্ট পাবেন না
৩১শে মার্চের মধ্যে আপনার প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। ১লা এপ্রিল থেকে শুরু করে আপনার প্যান এবং আধার লিঙ্ক না থাকলে কোনও ডিভিডেন্ট থেকে আয় পাওয়া যাবে না। এছাড়াও ডিভিডেন্টে মূলধন লাভের উপর টিডিএসও বৃদ্ধি পাবে এবং ফর্ম ২৬এএসে ঋণ হারাবেন।
ক্যাশ উইথড্রল
১ লা এপ্রিল থেকে এটিএম থেকে ফ্রি-তে টাকা তোলার সর্বোচ্চ সীমাতেও পরিবর্তন আসতে চলেছে। প্রতি মাসে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাত্র তিনটি লেনদেন বিনামূল্যে করা যাবে। তারপর থেকে লেনদেন প্রতি ২০ থেকে ২৫ টাকা ধার্য্য করা হবে।
অব্যবহৃত ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে, ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের ৩১ শে মার্চের আগে ডাটাবেস আপডেট করা বাধ্যতামূলক। যদি দীর্ঘদিন ধরে বন্ধ থাকে আইডিগুলি নিস্ক্রিয় করে দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে সংস্থাগুলিকে মোবাইল নম্বর সংক্রান্ত তথ্য আপডেট করতেও বলা হয়েছে।
ন্যূনতম ব্যালেন্সের নিয়ম
এসবিআই, পিএনবি, কানারা ব্যাঙ্কের মতো প্রধান ব্যাঙ্কগুলি ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করতে চলেছে। ১ এপ্রিল থেকে এই নিয়মগুলি অমান্য করলে জরিমানা হতে পারে।
প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বা ঋণের সীমা সম্প্রসারিত করা হয়েছে
১লা এপ্রিল থেকে হোম লোন গ্রহীতারা প্রধান বা মেট্রো শহরগুলিতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত, মধ্য-স্তরের শহরগুলিতে ৪৫ লক্ষ টাকা এবং ছোট শহরগুলিতে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।
টিডিএস থ্রেশহোল্ড বৃদ্ধি
১ লা এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য টিডিএস থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের টিডিএস সীমা বেড়ে দাঁড়াবে ১ লক্ষ টাকা। এছাড়াও বিদেশ ভ্রমণ, বিনিয়োগ এবং উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে টিসিএসের সীমা বার্ষিক ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।
এছাড়াও নতুন অর্থবর্ষের শুরুতেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নতুন অর্থবর্ষে নতুন রেটের কথা জানাতে পারে।
মনে করা হচ্ছে. এই পরিবর্তনগুলি ভারতীয় অর্থনীতি এবং আমজনতার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি মধ্যবিত্তের হাতে বেশি টাকা রাখবে, যা খরচ এবং বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। এছাড়াও প্যান-আধার সংযোগের নিয়ম ডিজিটাল লেনদেনে নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াবে।












Click it and Unblock the Notifications