ন্যায়ের দাবিতে দিল্লিতে সরব উন্নাও ধর্ষিতা, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ
দিল্লি হাই কোর্টের রায়ে ফের অস্বস্তিতে পড়ে ন্যায়ের লড়াই আরও জোরদার করলেন উন্নাও ধর্ষণ মামলার নির্যাতিতা। বুধবার রাজধানী দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ১০, জনপথের বাসভবনে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নির্যাতিতার মা ও সমাজকর্মী যোগিতা ভায়ানা।
এই সাক্ষাতের আগে নির্যাতিতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি শুধু আদালতের দ্বারেই থামতে চান না। ন্যায়ের আর্তি নিয়ে দেশের শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছতে চান। তিনি বলেন, "আমরা শুধু আমাদের যন্ত্রণার কথা জানাতে চাই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাই। আমি ন্যায় চাই।"

উল্লেখ্য, উন্নাও ধর্ষণ মামলার দোষী প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাই কোর্ট। এই রায়ের প্রতিবাদেই গত কয়েকদিন ধরে ইন্ডিয়া গেটে অবস্থান বিক্ষোভে সামিল হন নির্যাতিতা ও তাঁর মা। মঙ্গলবার তাঁদের সঙ্গে যোগিতা ভায়ানাকেও আটক করা হয় বলে অভিযোগ।
বুধবার মাণ্ডি হাউসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরিকল্পনা থাকলেও অভিযোগ, সিআরপিএফ এস্কর্ট করা বাসটি নির্ধারিত স্থানে থামানো হয়নি। আরও অভিযোগ উঠেছে, নিরাপত্তারক্ষীরা নির্যাতিতার বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কি করেন ও চলন্ত বাস থেকে নামতে বাধ্য করেন। সেই সময় বাসে কোনও মহিলা সিআরপিএফ কর্মী ছিলেন না বলেও দাবি।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধী। তিনি বলেন, "একজন গণধর্ষণের শিকার নারীর সঙ্গে এভাবে আচরণ করা কি গ্রহণযোগ্য? ন্যায়ের দাবি জানানো কি তাঁর অপরাধ?"
প্রসঙ্গত, ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলদীপ সিং সেঙ্গার ইতিমধ্যেই সাত বছর পাঁচ মাস জেল খেটেছেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট। তবে নির্যাতিতার বাবার হেফাজতে মৃত্যুর মামলায় দশ বছরের সাজা বহাল থাকায় আপাতত তাঁকে জেলেই থাকতে হবে।
আদালত সেঙ্গারের জন্য ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ তিনজন জামিনদারের শর্ত আরোপ করেছে। তবু এই রায়ে ক্ষুব্ধ নির্যাতিতা ও তাঁর পরিবার। তাঁদের স্পষ্ট বার্তা ন্যায় না পাওয়া পর্যন্ত লড়াই চলবে, দরকার হলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীদের দরজায় কড়া নাড়বেন তাঁরা।












Click it and Unblock the Notifications