উন্নাও ধর্ষণ মামলা: প্রাক্তন বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারের জামিন আপাতত স্থগিত, রায় দিল সুপ্রিম কোর্ট
উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার আপাতত কোনও ছাড় পাচ্ছেন না। আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি হাই কোর্ট তাঁর সাজা স্থগিত করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল, তা আপাতত বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, সেঙ্গার শুধুমাত্র একটি মামলাতেই দোষী নন, তাঁর বিরুদ্ধে আরও একটি আলাদা মামলায় সাজা রয়েছে। আর এইরকম অবস্থায় তাঁকে মুক্তি দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। সেই কারণেই দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তে আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
২০১৯ সালের ডিসেম্বর মাসে উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানাও ধার্য করেছিল। এই মামলাটি সারা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
চলতি মাসের ২৩ তারিখে দিল্লি হাই কোর্ট কুলদীপ সিং-এর সাজা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। আর সেই রায়ের পরেই সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে। তদন্তকারী সংস্থার দাবি ছিল যে, এমন একজন দোষীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে বিচারপ্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব পড়বে।
আজ সেই আবেদনের শুনানি শেষ হওয়ার পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, হাই কোর্টের দেওয়া ছাড় আপাতত কার্যকর হবে না। আদালত একই সঙ্গে সেঙ্গারকে নোটিস পাঠিয়েছে এবং তাঁকে নিজের বক্তব্য জানাতেও সময় দেওয়া হয়েছে। তবে সেই সময়ের মধ্যে তিনি জেল থেকেই মামলাটি লড়বেন।
এই রায়কে স্বাগত জানিয়েছেন নির্যাতিতার পক্ষের আইনজীবী হেমন্ত কুমার মৌর্য। তিনি বলেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কার হয়ে গেল যে, কুলদীপ সিং সেঙ্গার কোনও অবস্থাতেই এখন জেল থেকে বেরোতে পারবেন না। এতে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়ে গেল।
নারী অধিকার কর্মীরাও সুপ্রিম কোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দেশের সমস্ত মেয়ের জন্য এই সিদ্ধান্ত একটি শক্ত বার্তা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেই বিচার পাওয়া যায়, এই বিশ্বাসই আবারও একবার প্রতিষ্ঠিত করল সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications