অধীর চৌধুরীকে NDA-তে যোগ দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর! বহরমপুরের প্রাক্তন সাংসদকে কটাক্ষ তৃণমূলের
মঙ্গলবার দলের ও তাঁর সভাপতিত্ব নিয়ে কংগ্রেস হাইকমান্ডের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন অধীর চৌধুরী। তারপর থেকেই বহরমপুরের প্রাক্তন সাংসদের দলত্যাগ নিয়ে জল্পনা তীব্র হয়েছে রাজনৈতিক মহলে।
যদিও অধীর চৌধুরী জানিয়েছেন, তিনি রাজ্যে অত্যাচারিত কংগ্রেস কর্মীদের পাশে থাকবেন। এছাড়া নিজের ভবিষ্যত রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে আর কিছুই বলেননি অধীর চৌধুরী।

কেন্দ্রের সমাজকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আটওয়ালে অধীর চৌধুরীকে এনডিএতে কিংবা তাঁর দলে যোগ দেওয়ার খোলা প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, শুধু বাংলা থেকে হেরে যাওয়ার কারণে তাঁকে উপেক্ষা ও অপমান করা হচ্ছে। কংগ্রেসের এই মনোভাবের কারণে অনেক লোক দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি অধীরজিকে অনুরোধ করছেন, কংগ্রেসে যদি তাঁকে অপমান করা হয়, তাহলে তাঁর দল ছাড়া উচিত।
খার্গের প্রতি অসন্তোষ
মঙ্গলবার অধীর চৌধুরী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নিশানা করে বলেছিলেন, তিনি যেদিন থেকে কংগ্রেস সভাপতি হয়েছেন, সেদিন থেকে দলের সংবিধান অনুযায়ী তাঁর মতো সব পদ অস্থায়ী হয়ে গিয়েছে। যখন লোকসভা নির্বাচন চলছিল তখন মল্লিকার্জুন খার্গে সংবাদ মাধ্যমে বলেছিলেন প্রয়োজনে তাঁকে বাইরে রাখা হবে। যদিও নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে দলের অবস্থান নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের ফলের জন্য নিজেকেই দায়ী করেছেন অধীর চৌধুরী।
বাংলায় দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকেও নিশানা
অধীর চৌধুরী জানিয়েছেন, রাজ্য কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে তাঁকে প্রাক্তন সভাপতি বলে উল্লেখ করেছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমেদ মীর। কিন্তু গত ২১ জুন কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে তাঁরই সভাপতিত্বে প্রদেশ সভাপতির পদ-সহ রাজ্য কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব পাশ করানো হয়েছিল।
প্রায় একমাসের বেশি সময় পরে ২৯ জুলাই দিল্লিতে দলের সভায় সেই গুলাম আহমেদ মীর তাঁকে প্রাক্তন সভাপতি বলায় তিনি অবাক হয়েছেন বলে উল্লেখ করেন।
কী চাইছেন অধীর, বললেন কুণাল
এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন. মনে হচ্ছে অধীর চৌধুরী কংগ্রেস থেকে সাসপেন্ড হতে চান। তাই তিনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। সম্ভবত তিনি ইতিমধ্যেই বিজেপির সঙ্গে কথা বলেছেন এবং তিনি সেই দলে যোগ দিতে পারেন বলেও মনে করছেন ওই তৃণমূল নেতা। যদিও এব্যাপারে অধীর চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications