Union Budget 2024: নজর 'আধি আবাদি', মহিলা, মেয়েদের জন্য কত টাকার সংস্থান করলেন নির্মলা সীতারমন?
নারী ক্ষমতায়ণের কথা ভোটের প্রচারেও তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদী৷ এবার পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের জন্যই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ আজ মঙ্গলবার সংসদ ভবনে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন।
এবার বাজেটে মহিলা, মেয়েদের জন্য বড় বরাদ্দ করলেন অর্থমন্ত্রী৷ আগামী অর্থবর্ষে মহিলাদের জন্য প্রায় তিন লক্ষ কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে প্রভূত সুবিধার কথা বলা হয়েছে৷

মহিলাদের কর্ম সংস্থানের বিষয়ে জোর দেওয়া হয়েছে৷ শহর তো বটেই। গ্রামেও মহিলা, তরুণী, যুবতীদের জন্য ভাবনা রয়েছে৷ শুধু তাই নয়, বেসরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্রেও জোর দিয়েছেন অর্থমন্ত্রী। কর্মক্ষেত্রে মহিলাদের উপস্থিতি বাড়াতে আরও একাধিক প্রকল্পের কথা জানিয়েছেন তিনি।
এর আগে অন্তর্বর্তী বাজেটে লাখপতি দিদি প্রকল্পের কথ ঘোষণা করা হয়েছিল৷ সেই প্রকল্পে আরও বেশি সংখ্যক মহিলাকে আগামী দিনে নিয়ে আসা হবে। এই কথা এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী৷ উজ্জলা যোজনায় গ্যাসের দাম কমানো কথাও বলা হয়েছে বাজেটে।
স্বাস্থ্যক্ষেত্রে মহিলাদের জন্য বরাদ্দ বাড়ানোর কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিভিন্ন হাসপাতালে মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার কথাও বলা হয়েছে৷ আশা ও অঙ্গণওয়াড়ি কর্মীদের জন্যও বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়ুস্মান ভারত প্রকল্পের আওতায় তাদের নিয়ে আসা হবে।
মহিলা ভোটব্যাঙ্ক বরাবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টার্গেট। দেশের নারী উন্নয়নের বার্তা ভোটের প্রচারে একাধিক বার তিনি রেখেছেন। প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্যেও তিনি বহুবার দেশের নারী উন্নয়নের কথা করেছেন। এবারের বাজেটে মহিলাদের জন্য আলাদা জোর দেওয়া, এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications