ফেসবুক লাইভ চলাকালীন গুলি খেয়ে মৃত্যু উদ্ধব সেনা নেতার, ঘটনায় চাঞ্চল্য মহারাষ্ট্রে
ফেসবুক লাইভ চলাকালীন গুলি খেয়ে মৃত্যু হল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে শিবিরের এক নেতার। মৃতের নাম অভিষেক ঘোষালকর। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ফেসবুক লাইভে তিনি কথা বলছেন এক ব্যক্তির সঙ্গে। ভিডিওর একেবারে শেষের দিকে তিনি উঠে দাঁড়ালে তারপর তাঁর বুকে পরপর দুটি গুলি এসে লাগছে। এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে বোরিভলি পশ্চিমে আইসি কলোনি এলাকায়। অভিযুক্ত ব্যবসায়ী বরিস নোরোনহা, যার অফিসে ঘটনাটি ঘটেছে, তিনিও মারা গিয়েছেন বলে খবর। তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। অভিষেক উদ্ধব গোষ্ঠীর নেতা বিনোদ ঘোষালকরের পুত্র। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিধায়কও ছিলেন। অভিষেকের স্ত্রীও একসময়ে কর্পোরেটর ছিলেন।
দহিসার এলাকায় অভিষেকের দারুণ দাপট ছিলেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর দারুণ জনসংযোগ ছিল। এই ঘটনায় শিন্ডে সরকারের তুমুল সমালোচনা করেছেন উদ্ধব সেনার নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের এই ঘটনায় পদত্যাগ করা উচিত। আমি বারবার বলছি, দিন দিন মহারাষ্ট্র সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে।
পুলিশ সূত্রে খবর, পরপর তিন-চার রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পরই গুলিবিদ্ধ অভিষেক ঘোষালকরকে বরিভলি পশ্চিমেই করুণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
অভিযুক্ত মরিস নোরোনহাই অভিষেককে তার অফিসে ডেকেছিলেন। সেখানেই ফেসবুক লাইভ হওয়ার পর শেষের দিকে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে মরিস নিজে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় শিন্ডে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন উদ্ধব শিবিরের নেতারা।












Click it and Unblock the Notifications