টেলিকম সংস্থাগুলির প্রস্তাবে অনুমোদন, এবার ঘরে বসেই মোবাইল-আধার সংযুক্তিকরণ ১ ডিসেম্বর থেকে
টেলিকম সংস্থাগুলির কাছে বায়োমেট্রিক না দিয়েই ১ ডিসেম্বর থেকে মোবাইল সিম ও আধার যুক্ত করা যাবে। টেলিকম সংস্থাগুলির দেওয়া প্রস্তাবটি অনুমোদন করেছে ইউআইডিএআই কর্তৃপক্ষ।
টেলিকম সংস্থাগুলির কাছে বায়োমেট্রিক না দিয়েই ১ ডিসেম্বর থেকে মোবাইল সিম ও আধার যুক্ত করা যাবে। টেলিকম সংস্থাগুলির দেওয়া প্রস্তাবটি অনুমোদন করেছে ইউআইডিএআই কর্তৃপক্ষ। এক্ষেত্রে মোবাইলে আসা ওটিপির মাধ্যমে সিম-এর সঙ্গে আধার যুক্ত করতে পারবেন কোনও গ্রাহক।

ইউআইডিএআই কর্তৃপক্ষের উদ্যোগে মোবাইলের সিমের সঙ্গে আধার সংযুক্তির ঝক্কি অনেকটাই কমবে। কেননা গ্রাহককে যেতে হবে না টেলিকম সংস্থাগুলির কোনও অফিসে। এমাসের শুরুর দিকে টুইটারে সিদ্ধান্ত জানিয়েছিল ইউআইডিএআই কর্তৃপক্ষ।
ইউআইডিএআই-এর সিইও অজয়ভূষণ পাণ্ডে জানিয়েছেন, টেলিকম সংস্থাগুলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার গত মাসে, মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্ত করতে তিনটি নতুন উপায়ের কথা জানিয়েছিল। বাড়ি থেকেই যাতে এই আধার সংযুক্তি করা যায় সেই কথাও জানিয়েছিল কেন্দ্র। তিনটি পদ্ধতির মধ্যে ছিল ওটিপি, অ্যাপ এবং আইভিআরএস।
আধার নম্বররের সঙ্গে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে, সেখানে আসা ওটিপি-র মাধ্যমে ঘরে বসেই সিম কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করা যাবে।
কী ভাবে ওটিপির মাধ্যমে মোবাইল ও আধার সংযুক্তি করা যাবে একনজরে দেখে নেওয়া যাক
- আধারের সঙ্গে আগে থেকেই রেজিস্টার থাকা মোবাইল নম্বর থেকে, টেলিকম সংস্থার দেওয়া নম্বরে নিজের ১২ সংখ্যার আধার নম্বরটি পাঠাতে হবে।
- নির্দিষ্ট টেলিকম সংস্থা সেই নম্বরের জনবিন্যাসভিত্তিক যাচাই (ডেমোগ্রাফিক ভেরিফিকেশন) করবে।
- ভেরিফিকেশন সুষ্ঠুভাবে হয়ে গেলে নির্দিষ্ট টেলিকম সংস্থা ইউআইডিএআইকে একটি ওটিপি পাঠাবে।
- ইউআইডিএআই সেই ওটিপি পাঠিয়ে দেবে, তাদের কাছে নথিভুক্ত থাকা মোবাইল নম্বরে।
- সিমকার্ড ব্যবহারকারীকে এরপর সেই ওটিপি পাঠিয়ে দিতে হবে নথিভুক্ত মোবাইল নম্বরে।
এইভাবে ওপরের ধাপগুলির মাধ্যমেই ই-কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে।
You can now choose to verify your mobile SIM with Aadhaar without giving your biometrics to mobile companies. Use Aadhaar OTP authentication from comfort of your home.#VerifyWithAadhaar pic.twitter.com/Xii7YzY0ya
— Aadhaar (@UIDAI) November 16, 2017
এর আগে বয়স্ক নাগরিকদের জন্য ঘরের দরজায় গিয়ে মোবাইল-আধার সংযুক্তির পরিষেবা দেওয়ার জন্যে টেলিকম সংস্থাগুলিকে বলেছিল কেন্দ্র।
টেলিকম সংস্থাগুলিকে তাদের সার্ভিস সেন্টারগুলিতে আইরিস ডিভাইস পাঠাতে বলা হয়েছে। যাতে গ্রাহকরা আইরিস অথেনটিকেশনের মাধ্যমে কাজটি সেরে ফেলতে পারেন।
কেন্দ্রীয় সরকার আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল ও আধার সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে। সেই সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে বলে মনে করেছেন ইউআইডিএআই-এর সিইও অজয়ভূষণ পাণ্ডে।












Click it and Unblock the Notifications