দিল্লির করোল বাগে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২, হাসপাতালে একাধিক আহত
দিল্লির রাতের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, করোল বাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ডবল ডেকার বাস। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যাত্রী, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আতঙ্ক আর চিৎকারে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা।
মঙ্গলবার গভীর রাতে হনুমান মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা রাজস্থানের জয়পুর থেকে তিন দিন আগে দিল্লি এসেছিলেন ও সেদিন রাতেই ফেরার পথে এই বিপত্তি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, হাইওয়ে ধরে দ্রুত গতিতে এগোচ্ছিল বাসটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়ে ও মুহূর্তের মধ্যে উল্টে যায়। বাসের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাঁদের মধ্যে দুই জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে নেমে পড়ে স্থানীয় বাসিন্দারাই। পরে পুলিশ ও দমকলের দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, এখনও বেশ কয়েকজনের চিকিৎসা চলছে।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, বাসটিতে মাত্র একটি দরজা ছিল, যা সামনে অবস্থিত। বাস উল্টে যাওয়ার পর সেই দরজা দিয়েই যাত্রীদের বাইরে বের করে আনা হয়। চালককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, "হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি অনুভব করি। তারপর দেখি বাসটা কাত হয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই উল্টে যায়। ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার ভেসে আসছিল।"
এই দুর্ঘটনা ফের একবার বড় যানবাহনের নিরাপত্তা ও গতিনিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিল রাজধানীর রাস্তায়।












Click it and Unblock the Notifications