Bengaluru: সস্ত্রীক বায়ুসেনার অফিসারই ব্যক্তির উপর চড়াও! বেঙ্গালুরুকাণ্ডে সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শোরগোল
Bengaluru: বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে রাস্তায় মারধরের অভিযোগ। স্কোয়াড্রন লিডার স্ত্রী মধুমিতা দত্তকে নিয়ে উইং কমান্ডার আদিত্য বসু বেঙ্গালুরু বিমানবন্দরের দিকে যাওয়ার সময় স্থানীয় কিছু বাসিন্দাদের হাতে নিগ্রহের শিকার হন বলে অভিযোগ। যদিও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ঘুরে গেল অভিযোগের তির। ডিআরডিও-র ওই অফিসার উল্টে স্থানীয় ব্যক্তির উপর হামলা চালান বলে দেখা গেল ফুটেজে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও আপলোড করা হয়েছিল। সেখানে আদিত্য অভিযোগ করেন, তিনি সহ তাঁর স্ত্রীয়ের উপর স্থানীয় কিছু কন্নড়ভাষী লোকজন হামলা চালায়। এয়ারপোর্টের বাস ধরার জন্য সেসময় যাচ্ছিলেন তারা। বায়ুসেনার ওই অফিসারের অভিযোগ, পথিমধ্যেই বাইকে করে এসে তাদের গাড়ি আটকে কন্নড় ভাষায় গালিগালাজ করতে থাকেন এক ব্যক্তি।

আদিত্যর আরও দাবি, গাড়িতে ডিআরডিও ওরফে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার স্টিকার দেখতেই ওই বাইকে থাকা ব্যক্তি আরও কটূক্তি করতে থাকেন। গাড়ি থেকে নামতেই আদিত্যর উপর সে চড়াও হয় বলে অভিযোগ। চাবি দিয়ে কপালে আঘাত করায় ঘটনাস্থলেই আদিত্য রক্তাক্ত হন বলে অভিযোগ। এরপর বাইকে থাকা ব্যক্তির সঙ্গে আরও কিছু স্থানীয় জড়ো হয়ে পাথর ছোড়েন বলেও অভিযোগ।
কলকাতা ফেরার তাড়ায় কোনও অভিযোগ দায়ের করেননি আদিত্য বোস। তবে স্বামীকে মারধরের ঘটনার পরে বেঙ্গালুরুর বৈয়াপ্পানাহাল্লি থানায় অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মধুমিতা। অভিযোগ দায়েরের পর সন্ধ্যাতেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মধুমিতা অভিযোগে লেখেন, ওই বাইকে থাকা ব্যক্তি গাড়ির দরজায় রীতিমতো ধাক্কা মারছিলেন। ডিআরডিও-র অফিসার হওয়ায় হুমকিও দিচ্ছিলেন।
এদিকে মঙ্গলবার প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা। সেখানে দেখা গিয়েছে, সবুজ জ্যাকেট পরা এক ব্যক্তির দিকে তেড়ে যাচ্ছেন উইং কমান্ডার আদিত্য বোস ও তাঁর স্ত্রী মধুমিতা। মারামারি ও শারীরিক নিগ্রহ প্রথমে ওই বায়ুসেনার অফিসারই শুরু করেন বলে দেখা গিয়েছে ফুটেজে। এমনকী তাঁর স্ত্রীও প্রথমে গালিগালাজ শুরু করেন বলে ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।
একটি ফুটেজে আবার স্পষ্ট দেখা যাচ্ছে, ওই স্থানীয় ব্যক্তিকে রাস্তায় ধাক্কা মেরে বারবার লাথি মারছেন আদিত্য বোস। বাকি স্থানীয়রা উল্টে তাঁকে থামাতে গিয়েছিলেন। সেই ফুটেজ দেখে ডিসিপি দেবরাজ ডি জানান, "ঘটনা দুপক্ষের তরফেই এড়ানো যেত। আমরা অভিযোগ দায়ের করে একজনকে গ্রেফতার করেছি।"












Click it and Unblock the Notifications