NITI Aayog: বিশ্ব বাণিজ্যে মুখ পুড়ছে বাংলাদেশের! ‘শাপে বর’ ভারতের, কী বলছেন নীতি আয়োগের বিশেষজ্ঞরা?
NITI Aayog: একদিকে ট্রাম্পের (Donald Trump) শুল্ক চাপানোর হুঁশিয়ারি, অন্যদিকে বাংলাদেশে (Bangladesh) চূড়ান্ত অচলাবস্থা। আন্তর্জাতিক বাজারে শাপে বর হতে পারে ভারতের। নীতি আয়োগের বৈঠকে এমনটাই মত এক বরিষ্ঠ সদস্যের। বিশ্বব্যাপী বাণিজ্যের (Global Trade) বিষয়ে রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে উঠল প্রসঙ্গ।
চিন-সহ অন্যান্য দেশের উপর শুল্ক চাপানোর (Tariff) হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব পড়লেও ভারতের কাছে এটাই বিশ্ব বাজারে রপ্তানি মজবুত করার মোক্ষম সময়। এমনটাই মত নীতি আয়োগের সদস্যের।

অন্যদিকে, হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের (Attack on Hindus) ঘটনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ক্রমেই অবনতি ঘটেছে। গত জুলাই থেকে আন্দোলন-প্রতিবাদ সংঘর্ষে ত্রস্ত বাংলাদেশে ধাক্কা খেয়েছে বস্ত্রশিল্প (Textile Industry)। অথচ এই বস্ত্রশিল্পের উপরই নির্ভর করে বাংলাদেশের অর্থনীতির সিংহভাগ। সেই সুযোগ কাজে লাগিয়েই বস্ত্রশিল্পে আরও লাভের মুখ দেখতে পারে ভারত।
এদিন বিশ্বব্যাপী বাণিজ্য সংক্রান্ত বিষয়ে নীতি আয়োগের ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে ওই বক্তব্য রাখেন সংস্থার সদস্য অরবিন্দ বীরমনি। আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, সিইও বিভিআর সুব্রহ্মণ্যম ও অন্যান্য কর্তারা।
আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ শুল্ক আরোপের অভিযোগ এনে ভোটের প্রচারে সরব হয়েছিলেন আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিকস দেশগুলিকেও হুমকি দেন ট্রাম্প। বলেন, ডলার বাদে অন্য মুদ্রায় ব্যবসা করলে ব্রিকস দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। ঘটনাচক্রে ব্রিকসের সদস্য দেশ ভারতও।
ট্রাম্পের হুঁশিয়ারিতে বিশ্ব বাণিজ্যে প্রভাব পড়বে তা মেনে নিচ্ছেন নীতি আয়োগের সিইও। কিন্তু তার মতে, ভারতের সামনে একগুচ্ছ সুযোগ রয়েছে রপ্তানি বৃদ্ধি করার। তিনি এও বলেন, সুযোগের সঠিক ব্যবহার ভারত কতটা করতে পারবে সেনিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নীতি আয়োগের বরিষ্ঠ প্রোগ্রাম ডিরেক্টর প্রভাকর শাহু বলেন, "বস্ত্রশিল্পে রপ্তানি বাড়িয়ে বাংলাদেশের বাজারে ভাগ বসাতে পারবে ভারত। বিনিয়োগ বৃদ্ধি করার এটাই মোক্ষম সুযোগ। বাংলাদেশে অচলাবস্থার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রশিল্প। যার জেরে লাভবান হতে পারে ভারত।"
বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে একেবারেই অনুকূল পরিবেশ নেই বলে জানান নীতি আয়োগের এক শীর্ষ কর্তা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে নিন্দার ঝড় উঠেছে নানা দেশে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে স্বাভাবিকভাবেই সেই দেশগুলি পিছিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এক্ষেত্রে ভারত সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্যে বড় ভূমিকা নিতে পারে বলে মত নীতি আয়োগের।












Click it and Unblock the Notifications