Pahalgam Terrorist attack: সন্ত্রাস দমনে ভারতের পাশে আমেরিকা, কাশ্মীরে জঙ্গি হামলায় আশ্বাস উদ্বিগ্ন ট্রাম্পের
Pahalgam Terror Attack: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার কড়া নিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মঙ্গলবার দুপুরে বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালিয়ে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। এখনও পর্যন্ত খবর, ২ বিদেশি নাগরিক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্প বলেন, জঙ্গি দমনে ভারতের পাশে আমেরিকা সর্বদা রয়েছে। হামলার কড়া নিন্দা জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী তথা আমেরিকার সেকেন্ড লেডি উষা ভ্যান্স।
নিজের ট্রুথ হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, "কাশ্মীরের ঘটনা উদ্বেগের। সন্ত্রাসবাদ শেষ করতে ভারতের পাশে রয়েছে আমেরিকা। মৃতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহানুভব ভারতবাসীর জন্য আমাদের পূর্ণ সমর্থন ও গভীর সমবেদনা রইল। আমাদের মন প্রাণ আপনাদের সঙ্গেই রয়েছে।"

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লেখেন, "পেহেলগাঁওতে বিধ্বংসী জঙ্গি হামলায় হতাহতদের প্রতি সমবেদনা। গত কয়েকদিন ধরে ভারতের সৌন্দর্য ও গোটা ভারতবাসীর অভ্যর্থনায় আমরা আপ্লুত হয়েছিল। কিন্তু এই দুঃসময়ে আমাদের পূর্ণ আস্থা ভরসা রইল।"
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ জঙ্গি হামলার ঘটনা ঘটে। একদল জঙ্গি সেনার বেশে বৈসরন উপত্যকায় হানা দিয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলের ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তাতে দেখা গিয়েছে, মাঠের মধ্যে পড়ে রয়েছে পর্যটকের নিথর দেহ। গুলি খেয়ে কাতরাচ্ছেন পর্যটক। স্বামীকে বাঁচাতে কাতর আর্তি করছেন স্ত্রী।
প্রত্যক্ষদর্শী এক পর্যটকের দাবি, খুব কাছ থেকেই জঙ্গিরা গুলি চালায়। ফলে একাধিক মানুষ জখম হন। ঘটনাস্থলের অপর আরেকটি ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, সবুজ ঘাসে আবৃত উপত্যকা উপভোগ করছিলেন এক পর্যটক। আচমকাই গুলি চলতে শুরু করে। ভিডিওতে স্পষ্ট গুলির শব্দ শোনা যায়।
অমরনাথ যাত্রার আগেই জঙ্গি হামলা কাশ্মীরে। ভরা পর্যটনের মরশুমে জঙ্গি হামলা। পেহেলগাঁওতে জঙ্গি হামলার কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হামলাকারীদের কাউকে ছাড়া হবে না বলে আশ্বস্ত করেন মোদী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। "হত্যার বিচার হবে, কাউকে ছাড়া হবে না। কুমতলব সফল হতে দেওয়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের মনোভাব অনমনীয় থাকবে, বরং আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে," জানান মোদী।












Click it and Unblock the Notifications