এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে চ্যালেঞ্জ তৃণমূলের, কোনও প্রশ্নেরই মেলেনি বলে দাবি প্রতিনিধিদলের
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে অসঙ্গতি এবং একের পর এক অভিযোগের জেরে নির্বাচন কমিশনকে এদিন কড়া প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে কমিশনের সঙ্গে এক বৈঠকে সরাসরি পাঁচটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে। তৃণমূলের দাবি, তাদের উত্থাপিত প্রশ্নগুলির কোনওটিরই সন্তোষজনক জবাব দিতে পারেনি নির্বাচন কমিশন।
এর আগে গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসআইআর বিরোধী আন্দোলনের ঘোষণা করেন। এই লক্ষ্যে তিনি দশজন সাংসদকে নিয়ে একটি দল গঠন করেন। এদিন সকালে এই দলটি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যায়।

তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল এবং সাকেত গোখলে। প্রায় দুই ঘণ্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, তাদের কোনও প্রশ্নেরই উপযুক্ত জবাব দিতে পারেনি কমিশন।
তৃণমূলের লোকসভার সাংসদ শতাব্দী রায় জানান, তাদের উত্থাপিত পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথমটি ছিল, এই এসআইআর প্রক্রিয়া কি অনুপ্রবেশকারীদের আটকাতে? যদি তাই হয়, তাহলে কেন শুধুমাত্র বাঙালিদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে? কেন দেশজুড়ে বাঙালিদের ওপর আক্রমণ চলছে?
তিনি আরও প্রশ্ন তোলেন, মিজোরাম বা ত্রিপুরার মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? যদি বলা হয় অবৈধ ভোটারদের চিহ্নিত করতে এসআইআর প্রক্রিয়া, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদী সরকারের বৈধতা কোথায়? শতাব্দীর অন্যান্য প্রশ্নের মধ্যে ছিল, "এসআইআর-এর কারণে এই পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কি কমিশন নেবে? তাদের পরিবারের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এতদিন এসআইআর নিয়ে তৃণমূল যে অভিযোগগুলি করেছে, সেগুলির ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?"
ডেরেক ও’ব্রায়েনের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কোনও প্রশ্নেরই জবাব মেলেনি। তৃণমূলের প্রতিনিধিদের বক্তব্য, প্রায় ৪০ মিনিট ধরে কমিশন নানা ধরনের 'গল্প' শুনিয়েছে, কিন্তু সরাসরি উত্থাপিত প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি।












Click it and Unblock the Notifications