আগামীকাল ভারত বন্ধ, দেখে নিন কোন কোন পরিষেবা বন্ধ রাখা হবে
আগামীকাল ভারত বন্ধ, দেখে নিন কোন কোন পরিষেবা বন্ধ রাখা হবে
কৃষি বিলের বিরোধিতায় দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে মঙ্গলবার বিভিন্ন কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলি ভারত বন্ধের ডাক দিয়েছে। কৃষক–কেন্দ্রের মধ্যে পাঁচ দফা আলোচনার পরও কোনও রফাসূত্র বের হয়নি এবং কৃষকরা কেন্দ্রের কৃষি আইন সংস্কারের দাবিতে অনড় হয়ে রয়েছেন। বুধবার আরও একবার কৃষক ও সরকারের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে, তার আগে মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠগুলি, এই বন্ধকে সমর্থন করেছে বেশ কিছু রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনও। এর অর্থ মঙ্গলবার এই বন্ধের প্রভাব পড়বে বেশ কিছু পরিষেবাতে।
যদিও কেন্দ্রের পক্ষ থেকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলিকে সুরক্ষা জোরদার করতে বলেছে এবং ওইদিন যেন শান্তি–শৃঙ্খলা বজায় রাখা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে কোভিড–১৯ নির্দেশিকা যেন অতি অবশ্যই মেনে চলা হয় এবং স্বাস্থ্য ও শারীরিক দুরত্ব বজায় রাখার ইস্যুটিও যেন কড়াভাবে অনুসরণ করা হয়।

অটো, ট্যাক্সি, ক্যাব
দ্য অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস (এআইএমটিসি), পরিবহনের শীর্ষ সংস্থা জানিয়েছে যে মঙ্গলবার এই বন্ধের সমর্থনে দেশজুড়ে সব ধরনের যান পরিচালনা বন্ধ থাকবে। এর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, উত্তর ভারত থেকে পরিবহনগুলি এই বন্ধে অংশ নেবে। তবে এখন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দেশের অন্যান্য জায়গার পরিবহন সমিতি এবং ইউনিয়নগুলি ভারত বন্ধে যোগদান করবে এবং ৮ ডিসেম্বর তাদের কার্যক্রম স্থগিত রাখবে।
দিল্লির কিছু ট্যাক্সি ও কষাব সংগঠন সহ কিছু অ্যাপ-ভিত্তিক যান পরিষেবাও এই ভারত বন্ধকে সমর্থন করেছে। মূলত ক্যাব অ্যাগ্রিগেটরদের সঙ্গে কাজ করা চালকদের সমন্বয় সর্বোদয় ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলজিৎ গিল বলেছেন, ‘চালকরা সেদিন ওলা, উবার এবং অন্যান্য অ্যাপ-ভিত্তিক অ্যাগ্রিগেটরদের সঙ্গে তাঁদের ক্যাব যুক্ত করবেন না।' এক বিবৃতিতে দিল্লির ট্যাক্সি ট্যুরিস্ট ট্রান্সপোর্টারস সংগঠনের সঞ্জয় সম্রাট জানিয়েছেন যে দিল্লি স্টেট ট্যাক্সি সমন্বয় সমিতি এবং কৌমা একতা ওয়েলফেয়ার সংগঠন সহ বেশ কিছু ইউনিয়ন এই বন্ধে যোগ দেবে।
তবে এগুলি ছাড়াও বেশ কিছু অটো ও ট্যাক্সি সংগঠন রয়েছে যারা কৃষকদের সমর্থনের বদলে বন্ধের দিন পরিষেবা স্বাভাবিক রাখবে বলে স্থির করেছে। দিল্লির অটো রিক্সা সংঘ ও দিল্লি প্রদেশ ট্যাক্সি ইউনিয়ন এই বন্ধে অংশ নেবে না বলে জানিয়েছে।

সচল থাকবে মুম্বই
মুম্বইয়ের বেস্ট বাস মঙ্গলবার বন্ধের মধ্যে তাদের পরিষেবা স্বাভাবিক রাখবে এবং বন্ধে যোগ দেবে না। সুরক্ষার জন্য লোহার গ্রিল ও অন্যান্য জিনিস ব্যবহার করা হবে যখন মঙ্গলবার বাস চলবে। মুম্বইয়ের ট্যাক্সি ও অটো সংগঠনগুলি বলেছে যে তারা তাদের পরিষেবা বন্ধ করবে না। এই শহরে সবকিছুই স্বাভাবিক থাকবে।

বাণিজ্য
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট (এআইটিডব্লুএ) তাদের যৌথ বিবৃতিতে জানিয়েছে যে বাণিজ্য ও পরিবহন ক্ষেত্র স্বাভাবিক থাকবে বন্ধের সময়। তারা বলেছে, ‘কৃষকদের কোনও সংগঠন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা আমাদের সমর্থনও চায়নি এই ভারত বন্ধের বিষয়ে। তাই দিল্লি সহ দেশের অন্যান্য জায়গাতেও বাণিজ্য ও পরিবহন স্বাভাবিক থাকবে।'

সবজি, ফল, দুধ সরবরাহ
প্রধান পাইকারি শাক-সবজি ও ফলের বাজারের কাজ বন্ধ থাকবে, তাই সরবরাহর ওপর এর প্রভাব পড়বে। আজাদপুর মাণ্ডির চেয়ারম্যান আদিল খান বলেন, ‘আমার সঙ্গে বহু ট্রেডারাস সংগঠন যোগাযোগ করেছে মঙ্গলবার বন্ধের জন্য। আমার বিশ্বাস গাজিপুর, ওখলা ও নারেলা মাণ্ডি বন্ধ থাকবে কৃষকদের ডাকা ভারত বন্ধের কারণে।' এদিকে শাকসবজি, ফলমূল ও পোলট্রির গাজীপুরের পাইকারি মাণ্ডির চেয়ারম্যান জানান, বাজারে অনেক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ধর্মঘটে যোগ দেবেন। বন্ধের জেরে দুধ সরবরাহের ওপর প্রভাব পড়তে পারে। তাই আগে থেকে দুধ জোগাড় করে রাখা ভালো।

ব্যাঙ্ক পরিষেবা
কৃষকদের এই আন্দোলনকে ইতিমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক সমর্থন জানিয়েছে, তাই মঙ্গলবার ব্যাঙ্ক পরিশেবা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। এক বিবৃতিতে অল ইন্ডিয়া ব্যাঙ্ক কর্মচারি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকারের উচিত এগিয়ে এসে কৃষকদের দাবি মেটানো, যা শুধু কৃষকদের নয় সমগ্র দেশের স্বার্থে। দেশের সব ব্যাঙ্ক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রকে এ বিষয়ে আর্জি জানানো হচ্ছে বিশেষ রাষ্ট্রপতি আদেশ দ্বারা একটি নির্বাচিত কমিটির কাছে বিলগুলি উল্লেখ করে অচলাবস্থার সমাধান করুক।

অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা
জরুরি ও অ্যাম্বুলেন্স পরিষেবার ওপর ধর্মঘটের কোনও প্রভাব পড়বে না।

বিয়ের অনুষ্ঠান
কৃষক নেতারা জানিয়েছেন যে বিয়ের অনুষ্ঠানে এই বন্ধের প্রভাব পড়বে না।












Click it and Unblock the Notifications