আইজি হতে গেলে কেন্দ্রেই কাটাতে হবে দু'বছর, আইপিএস অফিসারদের জন্য নতুন শর্ত জারি স্বরাষ্ট্র মন্ত্রকের

আইপিএস অফিসারদের পদোন্নতির পথে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ)। এবার থেকে কেন্দ্রের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বা সমমর্যাদার পদে এমপ্যানেলমেন্ট পেতে হলে, রাজ্য ক্যাডারের পাশাপাশি অন্তত দু'বছর কেন্দ্রীয় ডেপুটেশনে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হল।

২৮ জানুয়ারি জারি হওয়া সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১১ ব্যাচ ও তার পরবর্তী আইপিএস অফিসারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্রীয় ডেপুটেশনে সুপারইনটেনডেন্ট অব পুলিশ (এসপি) বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (আইজি) স্তরে, কিংবা সমমানের পদে ন্যূনতম দু'বছর কাজ না করলে আর আইজি স্তরের জন্য বিবেচিত হবেন না আধিকারিকরা।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল উচ্চপদে ওঠার আগে অফিসারদের কেন্দ্রীয় প্রশাসন, ফেডারাল পুলিশিং, গোয়েন্দা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা দেওয়া। এতদিন অনেক আধিকারিক রাজ্য স্তরে দীর্ঘদিন কাজ করলেও, কেন্দ্রীয় পরিকাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পেতেন না। ফলে শীর্ষ পদে এসে কিছু ক্ষেত্রে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছিল।

মন্ত্রক সূত্রে খবর, এই নতুন শর্ত চালু হওয়ায় ভবিষ্যতে কেন্দ্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর জন্য আরও প্রস্তুত ও অভিজ্ঞ নেতৃত্ব তৈরি হবে। চলতি ক্যাডার সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নির্দেশিকাটি ইতিমধ্যেই দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন বিভাগকেও বিষয়টি জানানো হয়েছে। স্বচ্ছতার স্বার্থে আইপিএস ওয়েবসাইটের 'হোয়াটস নিউ' বিভাগে নির্দেশিকা আপলোড করবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)।

উল্লেখযোগ্যভাবে, আইএএস অফিসারদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় ডেপুটেশনের এমন শর্ত চালু থাকলেও, আইপিএস অফিসারদের জন্য আইজি স্তরে এতদিন এই বাধ্যবাধকতা ছিল না। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে "২০১১ ব্যাচ থেকে আইজি স্তরের এমপ্যানেলমেন্টের জন্য এসপি অথবা ডিঅইজি বা সমমানের পদে ন্যূনতম দুই বছরের কেন্দ্রীয় অভিজ্ঞতা বাধ্যতামূলক।"

এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় রাজ্যগুলিকে এখন থেকে পদোন্নতি ও ডেপুটেশন সংক্রান্ত পরিকল্পনা নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+