Ayodhya Rape and Murder: অযোধ্যায় দলিত তরুণীকে ধর্ষণ-খুন! পুলিশের জালে ৩, চরমে রাজনৈতিক চাপানউতোর
Ayodhya Rape and Murder: দলিত তরুণীকে (Dalit Girl) ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশের অযোধ্যা। বৃহস্পতিবার ভাগবত কথা শুনতে গিয়েছিলেন তরুণী। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। শনিবার ড্রেন থেকে উদ্ধার করা হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার (Arrested) করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
দলিত তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগে চরমে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস ও সপার সঙ্গে বিজেপির চাপানউতোর তুঙ্গে। এক্স হ্যান্ডেলে যোগীর (Yogi Adityanath) বিজেপি সরকারকে দুষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) লেখেন, "দলিত তরুণীকে নৃশংসভাবে হত্যার ঘটনা লজ্জার। গত তিন দিন ধরে নিহতের পরিবারের আর্জিতে যদি প্রশাসন কর্ণপাত করত, তাহলে হয়ত জীবনটা বাঁচানো যেত।"

বিজেপিকে নিশানা করে রাহুল আরও লেখেন, "ঘৃণ্য অপরাধের জেরে আরও এক কন্যাসন্তানের প্রাণ গেল। আর কত পরিবারকে এভাবে কাঁদতে আর ভুগতে হবে? দলিত বহুজন বিরোধী বিজেপির শাসনকালে উত্তরপ্রদেশ জুড়ে ক্রমশ বেড়েই চলেছে এরকম জঘন্য অপরাধ। দলিতদের উপর অত্যাচার ও খুনের ঘটনা বেড়েই চলেছে।"
নির্যাতিতার পরিবারের সঙ্গে সৎ আচরণের পরামর্শ রাহুলের। এর আগে এরকম ঘটনায় নির্যাতিতাদের পরিবারকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস সাংসদের। রাহুল আরও বলেন, "রাজ্য সরকারের উচিত অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে অপরাধীদের কঠোরতম সাজা দেওয়া। পুলিশি উদাসীনতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। বিচারের অপেক্ষায় রয়েছেন সকলে।"
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ শানান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীও। বিজেপির জঙ্গলরাজ চলছে বলে আক্রমণ করেন তিনি। দলিত, আদিবাসী, অনগ্রসর দরিদ্রদের কথা সরকারের কেউ শোনে না বলেও তোপ দাগেন প্রিয়ঙ্কা। এক্স পোস্টে প্রিয়ঙ্কা লেখেন, "অযোধ্যায় ভাগবত কথা শুনতে যাওয়া দলিত তরুণীর সঙ্গে যা ঘটেছে, তা শুনলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে।"
ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সবরকম সহযোগিতা ও বিচারের আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্য প্রিয়াঙ্কা মৌর্য। তিনি জানান, "ঘটনার দ্রুত বিচার মিলবে। পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছি। যেই এই অপরাধ করে থাকুক না কেন, তার মনে রাখা উচিত রাজ্যে যোগীর সরকার আছে। পরিবার নিশ্চয়ই বিচার পাবে।"












Click it and Unblock the Notifications