পথ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করছেন? আপনাকে পুরস্কার দেবে সরকার, কী কী সুবিধা পাবেন?
পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য এবার নতুন প্রকল্প আনছে কেন্দ্র সরকার। এই প্রকল্পে দুর্ঘটনায় যদি কেউ আহত হয় তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার পর টানা সাত দিন পর্যন্ত কোনও টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ টাকাবিহীন চিকিৎসার এই প্রকল্পের নাম 'পিএম-রাহাত (PM Rahat)'।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। খুব তাড়াতাড়িই সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। সূত্রের খবর অনুসারে, ১ মার্চ অথবা দোলের আগেই দেশজুড়ে এই প্রকল্প চালু হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই প্রকল্পের সূচনা করবেন।
ভারতে পথ দুর্ঘটনার সংখ্যা অত্যন্ত ভয়াবহ। গড়ে প্রতি তিন মিনিটে একজন করে মানুষ রাস্তায় প্রাণ হারাচ্ছেন। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ভারতেই হয়। সাম্প্রতিক সময়ে বাইক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও অনেকটা বেড়েছে। বিশেষ করে ১৮-২৪ বছর বয়সিদের অতিরিক্ত গতিতে বাইক চালানোর ফলেই বেশি দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনার পর অনেক সময় আহতদের সাহায্য করার জন্য সাধারণ মানুষরা এগিয়ে আসেন না। পুলিশের ঝামেলা, হাসপাতালের খরচ ইত্যাদি সমস্ত ভয়ের কারণেই অনেক মানুষ রাস্তায় পড়ে থেকেই মারা যান। এই সমস্যা দূর করার জন্যেই কেন্দ্রের এই উদ্যোগ।
পিএম-রাহাত প্রকল্পে সাধারণ মানুষকে উদ্ধারকার্যে উৎসাহিত করা হবে। দুর্ঘটনার পর যিনি আহতকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দিতে পারবেন, তাঁর জন্য থাকছে ২৫ হাজার টাকা পুরস্কার এবং একটি পদকও। শর্ত একটাই, আহত ব্যক্তির প্রাণ বাঁচতে হবে।
কেন্দ্রের আশা যে, এই প্রকল্প চালু হওয়ার পর যেকোনো পথ দুর্ঘটনায় দ্রুত চিকিৎসা মিলবে এবং বহু মূল্যবান প্রাণ রক্ষা করাও সম্ভব হবে।












Click it and Unblock the Notifications