কাশ্মীরের উত্তেজিত পরিস্থিতির মাঝেই সেনাদের ভ্যান পড়ল খাদে
মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিরাপত্তা কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটে খানসাহিব তহসিলের দুধপাথরির টাংনার এলাকায়, যেখানে একটি সিআরপিএফের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
প্রাথমিক সূত্র অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সিআরপিএফের ১৮১ ব্যাটালিয়নের অন্তর্গত এবং বীরওয়াহের হারদু পাঞ্জুতে অবস্থিত স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) ক্যাম্পে নিযুক্ত কর্মীদের নিয়ে যাচ্ছিল গাড়ি করে। পাহাড়ি পথে চলার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়, যা খাড়া ঢালে গড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন আটজন সিআরপিএফ জওয়ান এবং দুইজন জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল পুলিশ অফিসার (SPO)। জানা গেছে, আহতদের অধিকাংশই দক্ষিণ শ্রীনগর রেঞ্জের স্পেশাল কুইক অ্যাকশন টিমের (QAT) সদস্য। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের প্রাথমিকভাবে খানসাহিবের উপ-জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সকল আহতকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়।
কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে খারাপ রাস্তার অবস্থা বা যান্ত্রিক ত্রুটি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এখনও যাচাই করা হয়নি এবং তদন্ত প্রক্রিয়া এখনও চলছে।
মূলত, এই সময় সেনা জওয়ানরা প্রত্যেকেই অত্যন্ত তৎপর। যেকোনও মুহুর্তে শুরু হয়ে যাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত। এমনিতেও বেশ কয়েকটি সীমান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন। ক্রমশও ভারতীয় সীমান্তে গোলা-বারুদ ছুঁড়ছে পাকিস্তান। তার পাল্টা জবাব দিচ্ছে ভারতও।
এরই মধ্যে এই দুর্ঘটনা ফের তুলে ধরল কাশ্মীরের দুর্গম এবং পাহাড়ি অঞ্চলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর কর্মীদের প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার বাস্তবতা। কঠিন ভূপ্রকৃতি ও অনির্দিষ্ট আবহাওয়া পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর দৈনন্দিন মোতায়েন ও চলাচলে বড় চ্যালেঞ্জ তৈরি করে। দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য তদন্ত শেষ হলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।












Click it and Unblock the Notifications