বড় দিনেই বদলে যাবে আবহাওয়া! সর্বোচ্চ কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা? পাহাড়ের হাল কী? জানুন লেটেস্ট আপডেট
বছরের শেষ দিকে বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। দিন দিন তাপমাত্রার পারদ আরও নামছে। শীত প্রেমীদের মুখেও ফুটেছে হাসি। আবহাওয়া দফতর জানিয়েছে যে, বড়দিনের পর থেকে কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে রাতের তাপমাত্রা নেমে ২-৩ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশার দাপটও বাড়বে। সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে সবচেয়ে কম ৮-১২ ডিগ্রির মধ্যে থাকবে। উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতেও তা ১২-১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। সকাল বেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও যত বেলা বাড়বে তা ধীরে ধীরে কেটে যাবে। আপাতত ঘন কোনও কুয়াশার সম্ভাবনা নেই। বড়দিনের আগেও শীত আরও বাড়ার কোনোরকমের ইঙ্গিত নেই। তবে ২৫ ডিসেম্বরের পর থেকে রাতের ঠান্ডা আরও বাড়তে পারে।
বছরের শেষের কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গের কুয়াশা চোখে পড়ার মতো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দিনাজপুরের কিছু কিছু এলাকায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। পাহাড়ে তাপমাত্রা নেমে ৪-৬ ডিগ্রি পর্যন্ত হতে পারে। উপরের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি এবং নীচের জেলাগুলিতে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
২৫ ডিসেম্বর কলকাতায় সবচেয়ে কম তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ২৭ ডিসেম্বর সেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামার সম্ভাবনা রয়েছে। এখন আপাতত রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই থাকবে।
উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চলগুলি ঘন কুয়াশায় ঢেকে থাকছে। হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ৫-১০ ডিগ্রি। পাহাড়ি রাজ্যগুলিতে বৃষ্টি এবং তুষারপাত চলছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখে তাপমাত্রা শূন্যের নীচে নেমেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে যে, ২৮ ডিসেম্বর পর্যন্ত উত্তর এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে কনকনে ঠান্ডা বজায় থাকবে।












Click it and Unblock the Notifications