সেঙ্গারের ফাঁসি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে আইনি সংগ্রাম চালিয়ে যাও
উন্নাও গণধর্ষণ মামলায় ফের একবার আশার আলো দেখলেন নির্যাতিতা। প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দেওয়ার দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে নির্যাতিতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সেঙ্গারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া পর্যন্ত তাঁর আইনি লড়াই থামবে না।
সোমবার প্রতিক্রিয়া দিতে গিয়ে নির্যাতিতা বলেন, তিনি শুরু থেকেই সুপ্রিম কোর্টের ওপর পূর্ণ আস্থা রেখেছেন। তাঁর কথায়, "আমি বিশ্বাস করেছিলাম, সুপ্রিম কোর্টই ন্যায়বিচার দেবে। আমার লড়াই এখনও শেষ হয়নি। সেঙ্গারের ফাঁসি না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। তবেই আমার বাবা ও আমি প্রকৃত ন্যায় পাব।"
দিল্লি হাইকোর্টের রায়ে সেঙ্গারের যাবজ্জীবন সাজা স্থগিত হওয়ায় যে আতঙ্ক তৈরি হয়েছিল, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। দীর্ঘ এই আইনি লড়াইয়ে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্যাতিতা।

"অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন, ন্যায় পেতে সাহায্য করেছেন আমি তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ," বলেন তিনি। শীর্ষ আদালতের উপর নিজের বিশ্বাস পুনর্ব্যক্ত করে নির্যাতিতা আরও বলেন,
"আমি জানি না ওই বিচারকের মনে কী চলছিল, কী কারণে তিনি এতটা সহানুভূতি দেখিয়ে জামিন দিলেন। তবে সুপ্রিম কোর্ট ন্যায় দেবে এই বিশ্বাস আমার আছে এবং থাকবে।"
এই মামলার অভিঘাতে তাঁর পরিবারের উপর যে গভীর মানসিক চাপ নেমে এসেছে, সে কথাও তুলে ধরেন নির্যাতিতা। তিনি জানান, "কুলদীপ সিং সেঙ্গারের ফাঁসি হলেই আমার বাবা শান্তি পাবেন।"
এদিকে, প্রতিক্রিয়া জানিয়ে নির্যাতিতা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। দিল্লি থেকে ফোনে তিনি বলেন, "আমি খুব খুশি। সুপ্রিম কোর্ট আমাকে ন্যায় দিয়েছে। শুরু থেকেই আমি ন্যায়ের দাবিতে আওয়াজ তুলেছি।" তিনি স্পষ্ট করে জানান, বিচারব্যবস্থা নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই।
"আমি কোনও আদালতের বিরুদ্ধে অভিযোগ করছি না। সব আদালতের ওপরই আমার আস্থা আছে। তবে সুপ্রিম কোর্ট আমাকে ন্যায় দিয়েছে ও ভবিষ্যতেও দেবে," বলেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের উন্নাও গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন জানায়।
সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় এবং সেঙ্গারকে নোটিস পাঠিয়ে সিবিআই এর আবেদনের জবাব দিতে নির্দেশ দেয়। একসময় দেশজুড়ে তোলপাড় ফেলা এই মামলা ফের নারী নির্যাতন ও জন প্রতিনিধিদের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলে দিল।












Click it and Unblock the Notifications