Punjab: ভারত-পাকিস্তান সীমান্তে বড়সড় নাশকতার ছক বানচাল! BSF ও পুলিশি অভিযানে বাজেয়াপ্ত বিপুল অস্ত্র
India Pakistan Border: পহেলগাঁওতে জঙ্গি হামলার ১০ দিনের মাথায় ফের নাশকতার ছক? পঞ্জাবের অমৃতসরে ছক বানচাল করল বিএসএফ ও পুলিশ। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারতের সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সদা তৎপর রয়েছে সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী। আর এমতাবস্থায় অমৃতসরে ভারত পাকিস্তাব সীমানার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হল।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় পুলিশ ও বিএসএফ। অমৃতসরে ভারত পাকিস্তান সীমান্ত ঘেঁষা ভারোপাল নামে একটি গ্রামে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়। যার মধ্যে রয়েছে দুটি হ্যান্ড গ্রেনেড, ছয়টি ম্যাগজিন সহ তিনটে পিস্তল ও ৫০টি তাজা কার্তুজ। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্তের পর পঞ্জাব পুলিশের কাছে হস্তান্তর করা রয়েছে।

এপ্রসঙ্গে এক বিএসএফ আধিকারিক জানান, পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানোয় বড়সড় নাশকতার ষড়যন্ত্র ফাঁস করা গিয়েছে। এই অভিযানের সাফল্যেই পুলিশ ও বিএসএফের পারস্পারিক সহাবস্থান প্রমাণিত। সন্ত্রাস দমনে পঞ্জাব পুলিশ ও বিএসএফ অঙ্গীকারবদ্ধ বলে এক্স পোস্টে জানানো হয় বিএসএফ পঞ্জাব ফ্রন্টিয়ারের তরফে। যদিও কী কারণে ওই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ। কোথা থেকে তা সরবরাহ করা হয়েছিল, সেনিয়েও রয়েছে প্রশ্ন।
ভারত পাকিস্তান সীমান্তে এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দু'দুবার অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হল। দিন কয়েক আগেই পঞ্জাবের সাহোওয়াল গ্রামে বিপুল অস্ত্র উদ্ধার করে বিএসএফ ও পঞ্জাব পুলিশ। পাঁচটি হল্যান্ড গ্রেনেড, সাড়ে চার কেজি আরডিএক্স বিস্ফোরক, চারটি পিস্তল, ২২০ রাউন্ড কার্তুজ ও দুটি রিমোট কন্ট্রোল ও একটি ব্যাটারি চার্জার বাজেয়াপ্ত করে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ। সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে আরও তল্লাশি চালাচ্ছে বাহিনী।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে সবুজে ঘেরা পর্যটন কেন্দ্র বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর ছায়া সংগঠন টিআরএফ। ২৬ জন পর্যটককে খুন করে জঙ্গিরা।
এরপর থেকেই জম্মু কাশ্মীর তো বটেই, দেশের গোটা সীমান্তে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সীমান্তগুলি বাড়তি নজরদারি ও চেকিং জোরদার করা হয়েছে। দেশের বড় শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পহেলগাঁওয়ের জঙ্গিদের এখনও ধরা যায়নি। তদন্ত করছে NIA। তারমধ্যেই নাশকতার বড়সড় ছক বানচাল হল পঞ্জাবে।












Click it and Unblock the Notifications