সুপ্রিম কোর্টে জামিন না মেলায় জেএনইউ তে উত্তেজনা, মোদী ও শাহের বিরুদ্ধে স্লোগানে সরব পড়ুয়াদের একাংশ
২০২০ সালের দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শরজিল ইমামের জামিন নাকচ করায় ফের উত্তাল হয়ে উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বর। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর সোমবার রাতে ক্যাম্পাসে একাংশ পড়ুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান তোলেন বলে অভিযোগ।
সোমবার রাতের ওই বিক্ষোভের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনামূলক স্লোগান ধ্বনিত হচ্ছে জেএনইউ ক্যাম্পাসে।

এ বিষয়ে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি অদিতি মিশ্র জানান, ২০২০ সালের ৫ জানুয়ারি ক্যাম্পাসে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানাতেই প্রতি বছর পড়ুয়ারা কর্মসূচি পালন করেন।
তিনি বলেন, "এই প্রতিবাদ কোনও ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে নয়।"
অন্যদিকে, দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন আধিকারিক জানান, স্লোগান সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
উল্লেখ্য, ২০২০ সালের ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। মুখোশধারী একদল দুষ্কৃতী তিনটি ছাত্রাবাসে হামলা চালিয়ে লাঠি, পাথর ও লোহার রড দিয়ে পড়ুয়াদের মারধর করে। ভাঙচুর চালানো হয় জানালা, আসবাবপত্র ও ব্যক্তিগত সামগ্রীতে।
প্রায় দু'ঘণ্টা ধরে চলা সেই অশান্তিতে তৎকালীন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি আইশে ঘোষ সহ অন্তত ২৮ জন আহত হন।
এই ঘটনার পর দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও প্রবল বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, হামলার সময় পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি। পাশাপাশি ক্যাম্পাস ভাঙচুর সংক্রান্ত দুটি এফআইআরে ছাত্রনেতাদের নাম অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন ওঠে।












Click it and Unblock the Notifications