নামেই অর্ধেক আকাশ! হরিয়ানা ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা শুনলে অবাক হবেন
মহিলাদের এগিয়ে আনার কথা বলা হয়। কেন্দ্রে নারীদের সুরক্ষার জন্য বিল পাশ হয়েছে৷ নারীদের অর্ধেক আকাশ বলা হয়। কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচনে মহিলাদের উপস্থিতি সংখ্যা দেখলে সংশয় হবে৷ প্রশ্নও উঠতে পারে নারী স্বাধীনতা প্রসঙ্গে।
প্রতি ১০ জন পুরুষে মাত্র একজন মহিলা বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মহিলা প্রার্থীর মোট সংখ্যা চমকে দেওয়ার মতো। আগামী কাল শনিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০৩১ জন।

তাদের মধ্যে ৯৩০ জন পুরুষ। আর মাত্র ১০১ জন মহিলা প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন। হরিয়ানা রাজ্যের ৪৭ শতাংশের বেশি মহিলা ভোটার। তাহলে নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে এত কম মহিলা উপস্থিতি কেন? কেন ভোটের লড়াইয়ে পিছিয়ে থাকছেন মহিলারা।
হরিয়ানা বিধানসভায় ৯০ টি আসন। এবার লড়াইয়ে প্রতি মহিলার জন্য গড়ে ১০ জন পুরুষ রয়েছেন। ১৯৬৭ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ৮৭ জন মহিলা নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে ১১ জন ও ২০১৪ সালে ১৩ জন মহিলা প্রার্থী জয়ী হয়েছিলেন। এই দু'বারই নির্বাচিত মহিলার সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছিল। ২০১৪ সালের নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।
২০১৪ সালে ১১৬ জন মহিলা প্রার্থী হয়েছিলেন। ২০১৯ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১০৮ জন। এবার সেই সংখ্যা আরও কমে হয়েছে ১০১ জন। ১০৩১ জন প্রার্থীর মধ্যে ৪৬৪ জন নির্দল। ৪১ জন মহিলা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৬৭ সাল থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনে, ১৩,৩৪০ জন পুরুষ ও ৬৭৬ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে লড়াই করা মহিলাদের মধ্যে ৩৯৪ জন ২০০৯ সালের পর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।












Click it and Unblock the Notifications