রাজ্যসভা ভোটে চমকপ্রদ প্রার্থী তালিকা বিজেপির, বিহার থেকে লড়াইয়ে সভাপতি নিতিন নবীন সহ ৯ জনের নাম ঘোষণা
রাজ্যসভার আসন্ন নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। আগামী ১৬ মার্চ ভোটকে সামনে রেখে মোট ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, যিনি বিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিহারে নীতীন নবীনের পাশাপাশি প্রার্থী করা হয়েছে শিবেশ কুমার কে। শিবেশ কুমার আগে আগিয়াঁও কেন্দ্রের বিধায়ক ছিলেন। দলের তরফে এই দুই নাম ঘোষণায় বিহারের সংগঠনকে আরও চাঙ্গা করার ইঙ্গিত মিলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

অসমে প্রার্থী হয়েছেন তেরাশ গোয়ালা ও জোগেন মোহন। জোগেন মোহন বর্তমানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভায় পরিবহণ, পাহাড়ি এলাকা উন্নয়ন, সমবায় ও আদিবাসী ও জনজাতি ধর্ম সংস্কৃতি দপ্তরের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে তেরাশ গোয়ালা ডিব্রুগড় জেলার দুলিয়াজান কেন্দ্রের বিধায়ক।
ছত্তিশগড়, হরিয়ানা ও ওড়িশা
ছত্তিশগড়ে প্রার্থী করা হয়েছে দলের রাজ্য সহ সভাপতি তথা বিশিষ্ট মহিলা নেত্রী লক্ষী ভার্মাকে।
হরিয়ানা থেকে মনোনয়ন পেয়েছেন প্রাক্তন কর্নাল লোকসভা কেন্দ্রের সাংসদ সঞ্জয় ভাটিয়া। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছিলেন, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে চিহ্নিত।
ওড়িশায় প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামাল ও সুজিত কুমার। সুজিত কুমার ২০২৪ সালে বিজু জনতা দল ছেড়ে বিজেপিতে যোগ দেন ও উপনির্বাচনে পুনরায় রাজ্যসভায় নির্বাচিত হন।
পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তাঁর নাম ঘোষণায় রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একাধিক রাজ্যে সাংগঠনিক ভারসাম্য ও রাজনৈতিক বার্তা স্পষ্ট করতেই এই প্রার্থী তালিকা সাজিয়েছে বিজেপি, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।












Click it and Unblock the Notifications