RG-কর কাণ্ডের মামলা থেকে সরে গেল সুপ্রিম কোর্ট! বিচার করবে কলকাতা হাইকোর্ট, কেন এই সিদ্ধান্ত?
আরজি করের চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। নির্যাতিতার বিচার চেয়ে রাস্তায় পর্যন্ত নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। আর তা নিয়ে যে মামলা সুপ্রিম কোর্ট শুরু করেছিল, তার শুনানি এ বার থেকে কলকাতা হাই কোর্টে হবে। আজ শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই মামলার পরবর্তী সমস্ত শুনানি হাই কোর্টেই হবে।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলার সমস্ত নথি কলকাতা হাই কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে, নির্যাতিতার বাবা-মাকেও মামলার স্টেটাস রিপোর্টের একটি কপি দেওয়ার কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে ওই চিকিৎসক-ছাত্রীর মৃত দেহ উদ্ধার হয়। তার পরের দিনই কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। পরবর্তী সময়ে শিয়ালদহ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং চলতি বছরের জানুয়ারি মাসে আজীবন কারাবাসের সাজাও ঘোষণা করা হয়।
তবে তদন্তের বিভিন্ন দিক নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছিলেন নির্যাতিতার পরিবার। শিয়ালদহ আদালতের রায় ঘোষণার আগেই তাঁরা হাই কোর্টে সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে আবেদন করেছিলেন। সেই সময় সুপ্রিম কোর্টে এই মামলা চলার কারণে হাই কোর্টে শুনানি হয়নি। পরে সেই একই আবেদন শীর্ষ আদালতেও করা হয়। কিন্তু একই বিষয় নিয়ে দু'টি আদালতে শুনানি কখনই সম্ভব নয়-এই মন্তব্য করেই বিষয়টিকে হাই কোর্টে পাঠানোর ইঙ্গিত দেয় সুপ্রিম কোর্ট।
এর মধ্যেই আবারও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা দাবি জানান, এই অপরাধে বহু ব্যক্তি জড়িত থাকতে পারে। মেয়ের মৃত্যুর পূর্ণ বিচার পাওয়াই এখন তাঁদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তাঁরা।
আরজি কর কাণ্ডের আইনি লড়াইয়ের কেন্দ্র এখন কলকাতা হাই কোর্ট। আগামী দিন গুলিতে সেখানেই মামলার গতিপথ নির্ধারিত হবে।












Click it and Unblock the Notifications