ওপেন কোর্টে রাফালে 'বল' নিয়ে ফের লোফালুফি, নির্বাচনী আঁচে সুপ্রিম কোর্টে আজ 'মেগা শো '
ভোটের দিনক্ষণ জানতে এখন সব রাজনৈতিক দলই গভীরভাবে প্রতীক্ষায়। এই বুঝি হয়ে গেল লোকসভা ও কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণের ঘোষণা! বলতে গেলে দেশজুড়ে এখন ভোটের গরমাগরম আবহাওয়া।
ভোটের দিনক্ষণ জানতে এখন সব রাজনৈতিক দলই গভীরভাবে প্রতীক্ষায়। এই বুঝি হয়ে গেল লোকসভা ও কিছু রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণের ঘোষণা! বলতে গেলে দেশজুড়ে এখন ভোটের গরমাগরম আবহাওয়া। আর এই পরিস্থিতির মাত্রাকে খানিকটা বাড়িয়ে দিতে চলেছে রাফালে নিয়ে সুপ্রিমকোর্টে লড়াই। যার দিকে বুধবার নজর থাকছে তামাম দেশবাসীর। ওপেন কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে রাফালে রায়-এর পুনর্বিবেচনার আর্জির শুনানি। হিসাব অনুযায়ী এই শুনানিতে যে বিশাল কিছু ডেভলপমেন্ট হবে তা নয়, আদালত কেন এই পুনর্বিবেচনার আর্জি-কে গ্রহণ করবে? এদিনের শুনানিতে এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর্জি খারিজ হলে মনে করা হচ্ছে ভোটের আগে রাফালে ইস্য়ুতে আদালতের দরজায় কড়া নাড়াটার সাময়িক বিরতি ঘটবে। আর আদালত যদি এই আর্জি গ্রহণ করে নেয়, তাহলে নিশ্চিতভাবেই ভোট-বাজারের মোদী বনাম রাহুল-এর লড়াইটা জমে যাবে।

১৪ ডিসেম্বর সুপ্রিমকোর্ট তার রাফালে রায়-এ পরিষ্কারভাবেই এই নিয়ে তদন্তের আর্জিকে খারিজ করে দেয়। সেইসঙ্গে জানিয়েও দেওয়া হয়, শীর্ষ আদালত মনে করছে না যে রাফালে চুক্তি নিয়ে আদালতের নজরদারিতে কোনও তদন্তের প্রয়োজন আছে। এমনকী রাফালে চুক্তি-র রূপায়ণের সিদ্ধান্তে কোনও ধরনের সন্দেহের সম্ভাবনা-কেও উড়িয়ে দেয় প্রধানবিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এমনকী রাফালে চুক্তি-র মূল্য এবং অফসেট পার্টনার নিয়োগ নিয়েও মোদী সরকারকে ক্লিন-চিট দেয় সুপ্রিম কোর্ট।
রাফালে চুক্তি-তে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি তুলে শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি-রা। এঁদের সঙ্গে ছিলেন অ্যাক্টিভিস্ট ও আইনজীবী প্রশান্ত ভূষণ-সহ আর কয়েক জন। সুপ্রিমকোর্টে প্রথম যাত্রায় ধাক্কা খেলেও এঁরা রাফালে দুর্নিতি নিয়ে সরব এবং ফের সুপ্রিমকোর্টের শরণাপন্ন হয়েছেন। এঁদের দাবি, সরকার খামবন্দি করে যে তথ্য আদালতের কাছে জমা করেছে তাতে প্রচুর মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। এই বিষয়গুলি খতিয়ে দেখার আর্জি তুলেছেন যশবন্ত সিনহা, অরুণ শৌরি এবং প্রশান্ত ভূষণরা। তাঁরা প্রধানবিচারপতির সামনে রাফালে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন এবং রায়কে যাতে 'রিকল' করা হয় তার আবেদন করেছেন।
২৬ ফেব্রুয়ারি এই আবেদন নিয়ে একটি শুনানি করে প্রধানবিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এতে যেমন আছেন প্রধান বিচারপতি রঞ্জন গগই, তেমনি আছেন বিচারপতি সঞ্জয় কৃষাণ কউল, বিচারপতি কে এম জোশেফ। সেখানেই সিদ্ধান্ত হয় যে এই নিয়ে 'ওপেন কোর্ট' শুনানি হবে এবং সেখানে রাফালের রায়-কে বিভিন্ন প্রেক্ষাপটে ফেলে তথ্য-যাচাই করা হবে। এরপরই এই শুনানিটিকে আজকের জন্য তালিকাভুক্ত করা হয়। এদিন যেমন রাফালে রায় পুনর্বিবেচনার নিয়ে শুনানি হবে তেমনি কেন্দ্রীয় সরকারের কোনও অফিসার আদালতকে বিভ্রান্ত করার জন্য কোনও তথ্য গোপন করতে অন্য কোনও তথ্য পেশ করেছেন কি না তারও চুলচেরা আলোচনা হবে।












Click it and Unblock the Notifications