এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন সুপ্রিম কোর্টে, শুনানি শুরু আগামী সপ্তাহেই
নির্বাচন কমিশনের দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে বেশ কিছু আবেদন। সেই আবেদনগুলির শুনানির জন্য সুপ্রিম কোর্ট ১১ নভেম্বর দিন ধার্য করল।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ জানিয়েছে, ১১ নভেম্বর থেকে এই আবেদনগুলির শুনানি শুরু হবে।

এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পক্ষে উপস্থিত আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানান, এই বিষয়টি গণতন্ত্রের মূল ভিত্তির সঙ্গে জড়িত। বেঞ্চ আরও উল্লেখ করে, যদিও ১১ নভেম্বর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে, তবুও বিচারপতিরা অন্যান্য মামলার শুনানির সঙ্গে সামঞ্জস্য রেখেই বিশেষ নিবিড় সংশোধনের (SIR) মামলাগুলির শুনানি সম্পন্ন করার চেষ্টা করবেন।
ভূষণ বলেন, বিষয়টি অত্যন্ত জরুরি কারণ বিভিন্ন রাজ্যে SIR প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শীর্ষ আদালত ইতিমধ্যেই বিহারে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনগুলির শুনানি করছে। গত ১৬ অক্টোবর নির্বাচন কমিশন বিহারের SIR প্রক্রিয়াকে "সঠিক" বলে অভিহিত করে এবং শীর্ষ আদালতকে জানায় যে আবেদনকারী রাজনৈতিক দলগুলি এবং এনজিওগুলি কেবলমাত্র "মিথ্যা অভিযোগ" করে এই প্রক্রিয়াকে অসম্মানিত করার চেষ্টা করছে।
নির্বাচন কমিশন আরও জানায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে নাম বাদ পড়ার বিষয়ে কোনও ভোটার একটিও আপিল করেননি। কমিশন আবেদনকারীদের এই অভিযোগও অস্বীকার করেছে যে, মাসের পর মাস ধরে চলা SIR প্রক্রিয়ার পর প্রস্তুত করা রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে "মুসলিমদের অস্বাভাবিক হারে বাদ দেওয়া হয়েছে"।
৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সময় জানায় যে, SIR-এর আগে ভোটার সংখ্যা ছিল ৭.৮৯ কোটি, যা কমে ৭.৪২ কোটিতে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রায় ৪৭ লাখ ভোটারের সংখ্যা কমেছে। তবে ১ অগাস্ট প্রকাশিত খসড়া তালিকায় ৭.২৪ কোটি ভোটার ছিল, যা থেকে ৬৫ লাখ ভোটারকে (মৃত্যু, মাইগ্রেশন এবং ভোটারদের পুনরাবৃত্তি সহ বিভিন্ন কারণে) বাদ দেওয়া হয়েছিল। এর তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা ১৭.৮৭ লাখ বৃদ্ধি পেয়েছে।
খসড়া তালিকায় ২১.৫৩ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং ৩.৬৬ লাখ নাম বাদ পড়েছে। যার ফলে নিট ১৭.৮৭ লাখ বৃদ্ধি ঘটেছে। বিহারে ২৪৩ সদস্যের বিধানসভার ১২১টি আসনে নির্বাচনের প্রথম ধাপ বৃহস্পতিবার শেষ হয়েছে। বাকি ১২২টি আসনে ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর এবং ভোট গণনা হবে ১৪ নভেম্বর।












Click it and Unblock the Notifications