স্কুলের বইতে বিচারব্যবস্থাকে টার্গেট? NCERT-র বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে সুপ্রিম কোর্টের তীব্র নিন্দা
অষ্টম শ্রেণির এনসিইআরটি (NCERT)-র সমাজবিজ্ঞানের বইয়ের 'সমাজে বিচারব্যবস্থার ভূমিকা' অধ্যায়ের ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টি আদালতে ওঠার পরেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার শীর্ষ আদালতে প্রবীণ আইনজীবী কপিল সিবল এই প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য ছিল, স্কুলের বইয়ে এরকম ভাবে বিচারব্যবস্থাকে তুলে ধরার কারণে আইনজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া ভাষায় জানান যে, কাউকেই বিচারব্যবস্থার সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হবে না। তাঁর দাবি যে, বিভিন্ন হাই কোর্টের বিচারপতিদের কাছ থেকেও তিনি অনেক উদ্বেগের বার্তা পেয়েছেন। যদি প্রয়োজন হয় তাহলে আদালত নিজে থেকেই সমস্ত পদক্ষেপ করবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর কথায়, "এই বিষয়টি বিচারব্যবস্থার বিরুদ্ধে একটি পরিকল্পিত আক্রমণ বলেই মনে হচ্ছে।"
প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভিও আপত্তি তুলে বলেন যে, বইয়ের মধ্যে এরকমভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন দুর্নীতি কেবল বিচারব্যবস্থাতেই সীমাবদ্ধ থাকে। রাজনীতিক, আমলা অথবা অন্য প্রতিষ্ঠানের প্রসঙ্গ সেখানে একদমই নেই।
বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন যে, "মনে হচ্ছে বই থেকে সাংবিধানিক ভারসাম্যের বিষয়টি একেবারেই অনুপস্থিত।"
সমস্তটা মিলিয়ে, এনসিইআরটি-র পাঠ্যবইয়ের 'সমাজে বিচারব্যবস্থার ভূমিকা' অধ্যায়টি ঘিরে শীর্ষ আদালতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে।












Click it and Unblock the Notifications