অযোগ্যদের তালিকায় অসন্তোষ সুপ্রিম কোর্টের, নতুন তালিকা প্রকাশের নির্দেশ এসএসসিকে
সুপ্রিম কোর্টে ফের অস্বস্তিতে পড়ল স্কুল সার্ভিস কমিশন। কমিশন যে অযোগ্যদের তালিকা আগে প্রকাশ করেছিল তাতে অসন্তোষ ব্যক্ত করল শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফের অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আরও বিস্তারিত আকারে এবং স্পষ্ট করে। এদিকে, গত মাসে এসএসসির যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশ হতে পারে নভেম্বরে।

আজ কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর কপি দেওয়া হয়েছে। মডেল অ্যানসার শিট প্রকাশিত হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ওই পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে। সে ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে আদালত। যদিও দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি অঞ্জরিয়া। বিচারপতি কুমারের কথায়, নতুন যে তালিকা প্রকাশ করতে হবে সেখানে বিষয় ও সংরক্ষণভিত্তিক বিস্তারিত তথ্য দিতে হবে।
স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে বলেন, প্রকাশিত তালিকায় সকল অযোগ্যের নাম রয়েছে। যদিও বিচারপতি তা শুনে বলেন, কোনও গোপনীয়তা না রেখে বিস্তারিত তথ্য উল্লেখ করে আবার তালিকা প্রকাশ করুন। না হলে আবার জটিলতা তৈরি হবে। কেউ অন্য কিছু নিয়ে আদালতে আসতে পারেন। এরপর আদালতের নির্দেশ মেনে চলা হবে বলে আশ্বস্ত করে এসএসসি। উল্লেখ্য, অগাস্ট মাসে ১৮০৬ জন অযোগ্যের নাম প্রকাশ করেছিল এসএসসি। যাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন তাঁদের অ্যাডমিট কার্ড বাতিল হয়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications