আধার কার্ডকে অন্যতম নথি হিসাবে গ্রহণ করতে হবে, বিহারের SIR শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে যে, নির্বাচন কমিশনকে SIR চলাকালীন ভোটারদের জমা দেওয়া ১১টি নথির মধ্যে আধার কার্ডকেও গ্রহণ করতে হবে।
নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য ২৪ জুন একটি নির্দেশ জারি করেছিল, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিভিন্ন আবেদন জমা পড়ে। আদালত সেই প্রসঙ্গে জানিয়েছে, তালিকায় পুনরায় অন্তর্ভুক্তির জন্য আধার কার্ড বা উল্লেখিত ১১টি নথির যেকোনও একটি জমা দেওয়া যাবে।

আবেদনকারীরা অভিযোগ করেছেন যে, বিহারের এসআইআর প্রক্রিয়ায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এর ফলে হাজার হাজার মানুষ ভোটাধিকার হারাতে পারে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।
১০ অগাস্ট সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার কার্ড, রেশন কার্ড এবং এপিক (EPIC) সহ অন্যান্য নথি এসআইআর-এর জন্য গ্রাহ্য নথি হিসেবে বিবেচনা করার আহ্বান জানায়। তবে কমিশন পরে একটি হলফনামা জমা দিয়ে জানায় যে, আধার কার্ড বা রেশন কার্ড কোনওটিই ভোটার যোগ্যতার প্রমাণ হিসেবে জমা দেওয়া যাবে না।
নির্বাচন কমিশন ২৪ জুনের নির্দেশিকার পক্ষে যুক্তি দিয়ে বলেছে যে, সংবিধানের ৩২৪ ধারা এবং ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১(৩) ধারা অনুযায়ী এই ধরনের প্রক্রিয়া (এসআইআর) পরিচালনার ক্ষমতা তাদের রয়েছে।
কমিশন আরও জানায় যে, বিহারে এই এসআইআর প্রক্রিয়া জরুরি ছিল। কারণ, শহুরে অভিবাসন, জনসংখ্যার পরিবর্তন এবং বর্তমান তালিকায় তথ্যের নির্ভুলতা নিয়ে আশঙ্কা ছিল। একইসঙ্গে প্রায় দুই দশক ধরে এই তালিকা সংশোধন করা হয়নি।
এদিন আদালত রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তার বিষয়েও বিস্ময় প্রকাশ করেছে। এসআইআর-এর মাধ্যমে বাদ পড়া ভোটারদের নাম সংশোধনে তারা কেন এগিয়ে আসেনি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালত ১২টি রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছে, যেন তারা তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ফর্ম ৬-এ উল্লেখিত ১১টি নথি বা আধার কার্ড দিয়ে অভিযোগ জমা দিতে সাহায্য করে।
প্রসঙ্গত, বিহারে রাজনৈতিক দলগুলির ১ লক্ষ ৬৮ হাজারের বেশি বুথ স্তরে এজেন্ট থাকা সত্ত্বেও, এখনও পর্যন্ত মাত্র দুটি আপত্তি জমা পড়েছে। এটা দেখেই রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে আদালত মন্তব্য করেছে। আদালতের আরও পর্যবেক্ষণ, "সকল রাজনৈতিক দলের বিএলএ-দের দেখতে হবে যে, খসড়া তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ৬৫ লক্ষ ব্যক্তিকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা, অথবা তারা মৃত কিনা, বা স্বেচ্ছায় তাদের বাসস্থান পরিবর্তন করেছেন কিনা।"












Click it and Unblock the Notifications