পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড যাচাই করতে হবে একমাসের মধ্যে! রাজ্যগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ই-শ্রম পোর্টালে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের যাচাইকরণে দেরির জন্য নির্দিষ্ট রাজ্যগুলিতে ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত। রেশন কার্ড ইস্যু করতে শ্রমিকদের যাচাইকরণের নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে ওই কাজ শেষ করার নির্দেশ দিয়েছে।
সর্বোচ্চ আদালতের তরফে কেন্দ্রকে যেসব রাজ্যে পরিযায়ী শ্রমিকদের যাচাইকরণ সম্পন্ন হয়েছে, সেইসব রাজ্যকে খাদ্যশস্য ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের তরপে বলা হয়েছে, বিহার ও তেলেঙ্গানায় পরিযায়ী শ্রমিকদের একশো শতাংশ যাচাইকরণের কাজ সম্পন্ন হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ অগাস্ট।

রাজ্যগুলির কাজে দেরি হওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিনের বেঞ্চ বলেছে, যদি রাজ্যগুলি নির্ধারিত সময়ের মধ্যে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট সচিবদের তলব করা হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ
এদিন সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন করা হয়, কেন চার মাসে যাচাইকরণ শেষ করা গেল না?চারমাস সময়টাই অনেক বেশি। তারপরেও কেন বলা হচ্ছে এই কাজ শেষ করতে আরও দুইমাস সময় লাগবে? তারপরেই সুপ্রিম কোর্টের তরফে পুরো যাচাইকরণ সম্পূর্ণ করতে চার সপ্তাহ সময় দেওয়া হয়।
আবেদনকারীদের আইনজীবী কী বলছেন?
শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী প্রশান্তভূষণ বলেন, কিছু রাজ্যে যাচাইকরণ সম্পন্ন হয়েছে। আবার অনেক রাজ্য কাজ শুরুই করেনি। পাশাপাশি কয়েকটি রাজ্যে যাচাইকরণ সম্পন্ন হলেও, তারা পরিযায়ী শ্রমিকদের রেশন দিচ্ছে না। তারা বলথছে, কেন্দ্রীয় সরকার এইসব শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশন বরাদ্দ করেনি।
সুপ্রিম কোর্টের আগেকার নির্দেশ
এর আগে সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্তলগুলিকে নির্দেশ দিয়েছিল, সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পেতে ই-শ্রম পোর্টালে নথিভুক্ত প্রায় আটকোটি পরিযায়ী শ্রমিককে দুইমাসের মধ্যে রেশন কার্ড দিতে হবে।
এব্যাপারে সুপ্রিম কোর্ট বলেছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ২০২৩-এর ২০ এপ্রিলের নির্দেশ মেনে চলতে ব্যর্থ হয়েছে। সেই সময় পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে তিন মাস সময় দেওয়া হয়েছিল। সর্বোচ্চ আদালত বলেছে, তাদের নির্দেশ পালন করার আগে সব রেশন কার্ডধারীর ইকেওয়াইসি আপডেট করতে গিয়ে অপ্রয়োজনীয় দেরি হয়।
কেন্দ্রকেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট নির্দেশে বলেছিল জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই রেশন কার্ডগুলি দিতে হবে। সর্বোচ্চ আদালত বলেছিল দেশ গঠনে পরিযায়ী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাঁদের অধিকারকে উপেক্ষা করা যায় না। পাশাপাশি সর্বোচ্চ আদালত কেন্দ্রকেও একটি ব্যবস্থা তৈরি করতে বলে, যাতে পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ড ছাড়াই খাদ্যশস্য পায়।












Click it and Unblock the Notifications