Waqf hearing in SC: “হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে মুসলিম সদস্যদের রাখা হবে তো?” কেন্দ্রকে প্রশ্ন প্রধান বিচারপতির
Waqf Petitions in SC: বুধবার ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে ৭২টি মামলার শুনানিতে কোনও অন্তবর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রশ্ন করেন, "এখন থেকে কি মুসলিমদেরও হিন্দুদের ধর্মীয় ট্রাস্টে সদস্য হতে দেওয়া হবে?" প্রাথমিক পর্যায়ের শুনানি শেষ হয় এদিন। বৃহস্পতিবার দুপুর ২টোয় ফের শুনানি হবে।
এদিন আদালত স্পষ্টতই জানায়, পদের দৌলতে বোর্ডের সদস্যপদ পাওয়া ব্যক্তিরা বাদে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সমস্ত সদস্য মুসলিম হতে হবে। ওয়াকফ বোর্ডের ২২ জন সদস্যের মধ্যে মাত্র ৮ জন কেন মুসলিম, সেই প্রশ্নও তোলা হয় আদালতের তরফে। এরপরই প্রধান বিচারপতি তুষার মেহতার কাছে জানতে চান, "তার মানে কি বলতে চাইছেন, হিন্দুদের ধর্মীয় ট্রাস্টের বোর্ডে মুসলিমদের জায়গা হবে? প্রকাশ্যে বলুন। ২৬ নং ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য।"

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ এদিন কেন্দ্রের এসজি তুষার মেহতাকে জানান, "'ওয়াকফ বাই ইউজার' প্রথা বা দীর্ঘদিন ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করার যে রেওয়াজ রয়েছে, তা হঠাৎ বাতিল করলে তা দেশের আইনি ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার সমতুল্য পদক্ষেপ হবে। ১৪, ১৫ ও সতেরো শতকে নির্মিত মসজিদগুলির কোনও দলিল ছিল না। সেগুলিকে কীভাবে রেজিস্টার করা হবে?"
আদালতকে মেহতা জানান, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ৩৮ বার বৈঠকে বসেছে যৌথ সংসদীয় কমিটি। কমপক্ষে ৯৮.২ লক্ষ সমীক্ষাপত্র পরীক্ষা করে তারপর সংসদের উভয় কক্ষে ভোটাভুটির মাধ্যমে তা পাস করা হয়েছে। যদিও বহু ধর্মীয় স্থাপত্যের ক্ষেত্রে কোনও নথিপত্র নেই। ফলে নয়া সংশোধনী আইনে প্রাচীন প্রথাকে অগ্রাহ্য করা ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে যথোচিত পদক্ষেপ নাও হতে পারে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা তলব করেছে সুপ্রিম কোর্ট। তবে এদিনের অন্তবর্তী নির্দেশে শীর্ষ আদালত জানায়, কোর্ট যে সম্পত্তি ওয়াকফ বলে ঘোষণা করবে, তাকে ওয়াকফের বলেই ধরতে হবে। যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে, তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন জেলাশাসক। তৃতীয়ত, অফিসের প্রাক্তন সদস্যেরা ব্যতীত ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডের সদস্যদের মুসলিম হতে হবে।












Click it and Unblock the Notifications