রণবীর আল্লাহবাদিয়াকে পুনরায় পডকাস্ট করার অনুমতি সুপ্রিম কোর্টের, তবে মানতে হবে শর্ত
সোমবার সুপ্রিম কোর্ট জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে তার পডকাস্ট এবং অন্যান্য শো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অনুমতি দিয়েছে। তবে শীর্ষ আদালত তাকে একটি লিখিত অঙ্গীকার দিতে বলেছে যে তার অনুষ্ঠান 'দ্য রণবীর শো' নৈতিকতা ও শালীনতা বজায় রাখবে এবং সকল বয়সের দর্শকদের জন্য উপযুক্ত হবে।
ইউটিউবার ও কৌতুকশিল্পী সময় রায়নার শোতে রণবীর আল্লাহবাদিয়ার কিছু অশালীন মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল কিছুদিন আগেই। বিতর্কের মাত্রা এতটাই বাড়ে যে, সেলেব মহল থেকে রাজনৈতিক মহল, প্রায় প্রত্যেক নামী দামী ব্যক্তিত্বই তাঁর মন্তব্যের জন্য প্রতিবাদ করেন। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই ঘটনার পর আদালত তাকে সাময়িকভাবে পডকাস্ট সম্প্রচার থেকে বিরত রাখে।

ছবি সৌজন্য- PTI
বিচারপতি সূর্য কান্ত ও এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ আল্লাহবাদিয়ার এই যুক্তির ওপর গুরুত্ব দেয় যে তার পডকাস্টই তার জীবিকার প্রধান উৎস এবং তার টিমের প্রায় ২৮০ জন সদস্য এই কাজের ওপর নির্ভরশীল। আদালত আল্লাহবাদিয়ার গ্রেপ্তারি থেকে সাময়িক সুরক্ষা বাড়িয়ে দিয়েছে তবে তাকে গুয়াহাটিতে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মহারাষ্ট্র সাইবার সেল ও মুম্বাই পুলিশ 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' শোতে আল্লাহবাদিয়ার বিতর্কিত মন্তব্যের বিষয়ে তদন্ত করছে। সোমবার, আল্লাহবাদিয়া ও আরেক জনপ্রিয় ইউটিউবার আশীষ চঞ্চলানি অশ্লীলতার অভিযোগে দায়ের হওয়া মামলায় মহারাষ্ট্র সাইবার সেলের সামনে হাজির হন এবং তাদের বক্তব্য রেকর্ড করান।
একজন পুলিশ কর্মকর্তা জানান, ''তার বিবৃতিতে, আল্লাহবাদিয়া স্বীকার করেছেন যে ইউটিউব শোতে বিতর্কিত মন্তব্য করে তিনি ভুল করেছেন, যার ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে"।
আল্লাহবাদিয়া আরও জানান, সময় রায়না তার বন্ধু, এবং কেবল বন্ধুত্বের খাতিরেই তিনি ওই শোতে অংশ নিয়েছিলেন। তিনি দাবি করেন, শোতে উপস্থিত হওয়ার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি।
সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী, রণবীর আল্লাহবাদিয়াকে এখন থেকে নিশ্চিত করতে হবে যে তার পডকাস্টের বিষয়বস্তু সকল বয়সের দর্শকদের উপযোগী হবে। অন্যদিকে, পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে, এবং মামলার চূড়ান্ত রায় কী হবে, তা এখন ভবিষ্যতেই বোঝা যাবে।












Click it and Unblock the Notifications