আচমকায় সুরত বিমানবন্দরে চলল গুলি, মাটিতে লুটিয়ে পড়ল সিআইএসএফ জওয়ানের দেহ!
হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল গুজরাটের সুরত আন্তর্জাতিক বিমানবন্দর। ঘটনার পরই সেখান থেকে উদ্ধার হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ানের দেহ। শনিবার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজের বন্দুক থেকেই গুলি ছুড়ে আত্মঘাতী হন ওই জওয়ান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো ১০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে সুরত আন্তর্জাতিক বিমানবন্দরে। মৃত ওই জওয়ানের নাম কিশান সিং। জয়পুরের বাসিন্দা ওই যুবক সুরাট বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। এদিন দুপুরে বিমানবন্দরের শৌচালয়ে গিয়ে নিজের বন্দুর থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।

আচমকায় গুলির শব্দ শুনে শৌচালয়ের দিকে ছুটে যান অন্যান্য নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, পেটে গুলি লেগেছিল তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
অন্য দিকে বিমানবন্দরের অন্দরে গুলির শব্দ শোনা যাওয়ায় ব্যস্ত সময়ে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এক জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। তড়িঘড়ি বিমানবন্দরের ওই অংশ ঘিরে ফেলে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
ভুলবশত বন্দুক থেকে গুলি ছুটেছে, নাকি ওই জওয়ান আত্মঘাতীই হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে সিআইএসএফের তরফে। যদি আত্মঘাতী হয়ে থাকেন তবে ঠিক কী কারণে তিনি নিজেকে শেষ করলেন তাও তদন্ত করে দেখা হবে।
পুলিশের তরফে ওই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পাঠানো হয়েছে মৃতের পরিবারকেও। মৃতের সহকর্মীদের তরফে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন ওই জওয়ান। হয়ত পারিবারিক কোনও সমস্যার জেরে বিপর্যস্ত ছিলেন তিনি। আর সেই জন্যেই এমন পদক্ষেপ নিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications