রাজস্থানে বর্বরতা, ছাত্রীদের গণধর্ষণের অভিযোগ সরকারি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে
রাজস্থানে বর্বরতা, ছাত্রীদের গণধর্ষণের অভিযোগ সরকারি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে
নির্ভয়া, হাথরস একের পর এক ঘটনার পর দেশে ফের বর্বরতার নজির। এবার কাণ্ড রাজস্থানে। এই রাজ্যের আলোয়ার জেলায় ৪ স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল ৯ শিক্ষক ও অধ্যক্ষর বিরুদ্ধে। এক সরকারি বিদ্যালয়ের এই ঘটনা সামনে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

এ কেমন শিক্ষক!
ঘটনা প্রকাশ্যে আসে দিন কয়েক আগে। দশম শ্রেণীর এক ছাত্রী স্কুলে যেতে না চাইলে তার কারণ জানতে চান ছাত্রীর বাবা। তখন নির্যাতিতা জানায় বিদ্যালয়েরই অধ্যক্ষ ও তিন শিক্ষক মিলে গণধর্ষণ করে তাকে। তবে এক আধ দিন নয়, গত ১ বছর ধরে চলে আসছে এই কাণ্ড। শুধু তাই নয়, আরও হয়রানির বিষয় এই যে, ছাত্রীর সঙ্গে হওয়া সব ঘটনা রীতিমত ভিডিও করেন ওই স্কুলের দুই শিক্ষিকা! এমনটাই জানিয়েছে নির্যাতিতা।

তদন্তে সামনে আসে তথ্য
ঘটনা জানার পরেই অভিযুক্ত অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে মান্ধানা থানায় অভিযোগ জানান ওই দশম শ্রেণীর ছাত্রীর পরিবার। কিন্তু ঘটনার তদন্তে নেমে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। শুধুমাত্র ওই ছাত্রীই নয়, স্কুলের অন্য পড়ুয়াদের সঙ্গেও ঘটেছে এই ঘটনা। এরই মধ্যে এগিয়ে আসে ষষ্ঠ, চতুর্থ ও তৃতীয় শ্রেণীর তিন ছাত্রী। তাদের সঙ্গেও অধ্যক্ষ ও ওই শিক্ষকরা মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনা প্রসঙ্গে নির্যাতিতারা
কী করে হল এই বর্বরোচিত আচরণ? এক নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, শ্লীলতাহানির পর তারা স্কুলেরই শিক্ষিকাদের বিষয়টি জানায়। তাতে কাজের কাজ তো কিছু হয়ইনি, বরং উল্টে নানা রকমের প্রলোভন দেখিয়ে নির্যাতিতাকে ওই শিক্ষকদের বাড়ি নিয়ে যাওয়া হত। এরপর শুরুহত তাদের কুকীর্তি। অভিযুক্তরা সকলে মদ্যপ অবস্থায় থাকত বলেও জানিয়েছে ওই ছাত্রী।

কড়া পদক্ষেপের দাবি
এই ঘটনায় অভিযুক্ত সরকারি বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ৪ ছাত্রীর পরিবার। মান্ধানা থানার ওসি মুকেশ যাদব বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি পৃথক কেস দায়ের করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
অবশ্য গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রিন্সিপল। কিন্তু যে দেশে গুরু বা শিক্ষককে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, সেখানে শিক্ষকদের এহেন আচরণ, পাশাপাশি শিক্ষিকাদের এই বর্বর রূপ দেখে রীতিমত স্তম্ভিত সকলেই। এই ঘটনার পর স্বভাবতই নিন্দার ঝড় উঠেছে সব মহলে।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications