ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি
ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে ফের সরব হল মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন ফর ইন্টারন্যাশনাল ররিলিজিয়াস ফ্রিডম তথা ইউএসসিআইআরএফ। তাদের ২০২৬ সালের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা আরও অবনতি হয়েছে। এই মন্তব্য ঘিরে কূটনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হলেও, রিপোর্ট প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই রিপোর্ট "পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত"। তাঁর অভিযোগ, ইউএসসিআইআরএফ দীর্ঘদিন ধরেই ভারতের বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরছে। নিরপেক্ষ তথ্যের বদলে সন্দেহজনক উৎস ও মতাদর্শগত ব্যাখ্যার উপর নির্ভর করে এই রিপোর্ট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রণধীর আরও বলেন, এধরনের ধারাবাহিক ভুল ও বিভ্রান্তিকর রিপোর্ট শেষ পর্যন্ত ওই মার্কিন সংস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলবে। শুধু তাই নয়, ভারতের সমালোচনা করার আগে আমেরিকার অভ্যন্তরীণ সমস্যার দিকেও নজর দেওয়া উচিত বলে কড়া বার্তা দেন তিনি।
পরোক্ষভাবে তিনি আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা ও প্রবাসী ভারতীয়দের বিরুদ্ধে বাড়তে থাকা অসহিষ্ণুতার ঘটনাগুলির কথাও তুলে ধরেন। তাঁর মতে, এই ঘটনাগুলি যথেষ্ট উদ্বেগজনক ও সেগুলির প্রতিই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ভারতকে বারবার সমালোচনার মুখে ফেলছে ইউএসসিআইআরএফ। এবারের রিপোর্টে ভারতকে 'বিশেষ উদ্বেগের দেশ' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠল।












Click it and Unblock the Notifications